Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিন পেলেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত

আপডেট : ২০ মে ২০২৫, ১১:৩৮ এএম

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে আনা একটি মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঢাকার ভাটারা থানা এলাকায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আসামি অভিনেত্রী নুসরাত ফারিয়া।

আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, “নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ (মঙ্গলবার) সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।”

নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, “মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।”

এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে নুসরাত ফারিয়ার আইনজীবীরা আদালতে ডকুমেন্টস দাখিল করে বলেন যে, ঘটনার সময় নুসরাত ফারিয়া কানাডা অবস্থান করছিলেন। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ওই সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন পোস্টও দেন।

   

About

Popular Links

x