চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানিয়েছেন ফারিয়া।
তিনি লিখেছেন, সবাই যেভাবে তার খোঁজখবর রাখছেন, তাতে তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তবে সাড়া না দেওয়ার কারণ অভিনেত্রী তুলে ধরেছেন তার পোস্টে।
ফারিয়া লিখেছেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।”
তিনি পোস্টে আরও লিখেন, “চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে, ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।”
যোগাযোগ রক্ষা না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, “এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।”
প্রসঙ্গত, গত ২০ মে দুপুর সাড়ে তিনটার দিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান ফারিয়া।



কারামুক্ত হওয়ার পর যা বললেন নুসরাত ফারিয়া