দীর্ঘদিন পর আবার নতুন কাজ নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একসঙ্গে কাজ করার বিষয়টি প্রকাশ্যে আসে।
ফেসবুকে অমিতাভ রেজা চৌধুরী ফারিণকে ট্যাগ করে লেখেন, ‘‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’’
শুক্রবার (২৮ আগস্ট) নির্মাতার সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিণও। ক্যাপশনে তিনি লেখেন, ‘‘আর অপেক্ষা করতে পারছি না।’’
দুই তারকার এমন পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে। ফারিণের নতুন এই প্রজেক্টটি সিনেমা নাকি ওটিটি মাধ্যমের, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। তবে এ বিষয়ে ফেসবুকে সরাসরি কোনো তথ্য দেননি ফারিণ।
এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা সংবাদমাধ্যমকে জানান, তার নির্দেশনাতে একটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন ফারিণ। আগামী কয়েকদিনের মধ্যে তা প্রকাশ করা হবে।



