বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা “আলী”। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটিকে। এই অর্জনের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কান উৎসবের মূল প্রতিযোগীতা বিভাগে জায়গা পেল বাংলাদেশ।
শনিবার (২৪ মে) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। সিনেমাটি গত শুক্রবার কানে প্রদর্শিত হয়।
কান উৎসবের অফিসিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।
১৫ মিনিটের সিনেমা ‘‘আলী’’র শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা ৫ দিন কাজ করে শুটিং শেষ করেন।



