মাস তিনেক আগে মুক্তি পাওয়া সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত “সিকান্দার” বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে সালমান খান সবসময়ই ফিরতে মরিয়া। তারই প্রমাণ মিললো নতুন সিনেমা “ব্যাটল অব গালওয়ান”-এর ঘোষণা দিয়ে।
গত ৫ জুন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মোশন পোস্টার শেয়ার করে সিনেমার ফার্স্টলুক প্রকাশ করেন সালমান খান। এতে তাকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে, যার মুখে ক্ষত, রক্তের চিহ্ন এবং কাঁধে পেরেক গাঁথা মুগুর।
নির্মাতা অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির গল্প ২০২০ সালে লাদাখে ভারত ও চীনের মধ্যকার “গালওয়ান” সংঘাতকে কেন্দ্র করে। এই প্রথম কোনো সত্যিকারের যুদ্ধ-পরিস্থিতির গল্পে অভিনয় করছেন সালমান।
জানা গেছে, ছবিতে চিত্রাঙ্গদা সিং থাকছেন তার বিপরীতে। সিনেমায় সালমান অভিনয় করছেন কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে, যিনি ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের সময়। চলতি মাসেই লাদাখে সিনেমার শুটিং শুরু হচ্ছে।
ফার্স্টলুক প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত সালমান ভক্তরা। একজন লিখেছেন, “ভাই ফের বক্স অফিস জয় করতে আসছেন।” আরেকজন মন্তব্য করেন, “বলিউড সুলতান ফিরছেন!”
উল্লেখ্য, ২০২০ সালের এই সংঘর্ষে ১৫ হাজার ফুট উচ্চতায় উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘাত হয়, যা প্রায় ৪৫ বছর পর ভারত-চীন সীমান্তে প্রথম প্রাণহানির ঘটনা। এই সংঘর্ষ ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয় কূটনৈতিক টানাপোড়েনও।



