Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোন বিনিয়োগটি বেশি লাভজনক, স্বর্ণ নাকি হীরা

স্বর্ণ ও হীরাতে বিনিয়োগের সুবিধা ও অসুবিধাগুলো এবং বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেসব বিষয় খতিয়ে দেখা জরুরি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম

সামাজিক অবস্থান, আভিজাত্য, নির্ভরতা তৈরির বিকল্প হিসেবে স্বর্ণ ও হীরা ধাতব বস্তু দুটি স্ব স্ব ক্ষেত্রে মূল্যবান। কিন্তু সম্পদের সময় মূল্য থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে যে প্রশ্নটি সবার আগে আসবে, স্বর্ণ নাকি হীরা, কোন বিনিয়োগটি বেশি লাভজনক?

উভয় বিনিয়োগের মাঝেই কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। আজকের আয়োজনে আপনি জানতে পারবেন স্বর্ণ ও হীরাতে বিনিয়োগের সুবিধা ও অসুবিধাগুলো এবং বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কোন কোন বিষয়গুলো আপনার খতিয়ে দেখা জরুরি।

স্বর্ণ বিনিয়োগের সুবিধা


অনিশ্চিত সময়ে স্থিতি রক্ষাকারী

অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারের অস্থিরতার সময় স্বর্ণকে প্রায়ই নিরাপদ অবলম্বন হিসেবে বিবেচনা করা হয়। মুদ্রাস্ফীতি ও মুদ্রার মূল্যহ্রাস ব্যতিরেকে এই সম্পদ নিজের দাম ধরে রাখতে পারে।

তুলনামূলকভাবে নির্ভরযোগ্য খাত

বিভিন্ন সময়ে মূল্যমান বা লাভের ক্ষেত্রে বন্ড বা স্টকের থেকে অধিকতর সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখে স্বর্ণ। একাধিক খাতে বিনিয়োগের ক্ষেত্রে সামগ্রিক বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এই ধাতবটি।

ভৌত সম্পদ হিসেবে সংরক্ষণযোগ্য

স্বর্ণ একটি ভৌত সম্পদ যা আপনি কয়েন, বার বা গয়না আকারে সংরক্ষণ করতে পারেন। এই স্থিতিশীলতা স্টক বা বন্ডের মতো অন্যান্য বিনিয়োগের তুলনায় অধিক নিরাপত্তার অনুভূতি দিতে পারে।

দীর্ঘমেয়াদী মূল্যের ভাণ্ডার

এই ঐতিহাসিক মানসম্পন্ন ধাতুটি শতাব্দীর পর শতাব্দী জুড়ে লাভের যোগানে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। এই বিস্তর সময়গুলোতে স্বর্ণ কেনা কখনোই খুব বড় কোনো ক্ষতি সাধনের কারণ হয়নি। তাই এটি বিনিয়োগের একটি নির্ভরযোগ্য বিকল্পে পরিণত হয়েছে।

স্বর্ণ বিনিয়োগের অসুবিধা



স্বর্ণ/ ঢাকা ট্রিবিউন

ব্যবসাযোগ্য সম্পদ নয়

স্টক ও বন্ড বিনিয়োগের মত মজুদ স্বর্ণ থেকে লভ্যাংশ এবং সুদ গ্রহণের কোনো সুযোগ নেই। তাই অন্যান্য আয়-উৎপাদনকারী সম্পদের বদলে স্বর্ণে বিনিয়োগ করা হলে নির্দিষ্ট সময়ে সম্ভাব্য লাভগুলো থেকে বঞ্চিত হতে হবেন।

স্বল্পমেয়াদী অস্থিরতা

স্বর্ণ যদিও নিরাপদ আশ্রয় হিসেবে অনিশ্চিত সময়ের সেরা অবলম্বন, তবে এর দামেও উল্লেখযোগ্যভাবে তারতম্য ঘটে। আকস্মিক দরপতন বিনিয়োগকারীদের বিপুল বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে।

সঞ্চয়স্থান ও বীমা খরচ

ভৌত বস্তু হিসেবে স্বর্ণের জন্য ভল্ট বা নিরাপদ সঞ্চয়স্থানের প্রয়োজন হয়। আর এই জায়গা উল্লেখযোগ্য পরিমাণে খরচ বহন করে। এছাড়া এ ধরনের মূল্যবান সম্পদের বীমা বাবদ ধার্য খরচ বিনিয়োগের সামগ্রিক রিটার্নে যথেষ্ট প্রভাব ফেলে।

সীমিত শিল্প ব্যবহার

রূপা বা প্ল্যাটিনামের মতো শিল্পখাতে স্বর্ণের প্রয়োগ তেমন বেশি নয়। অধিকাংশ ক্ষেত্রে বিনিয়োগ এবং গয়না বানানোয় স্বর্ণের ব্যবহারটা বেশি হয়। এ সময় স্বর্ণের দামেরও উল্লেখযোগ্য হারে ওঠানামা হতে পারে।

হীরা বিনিয়োগের সুবিধা


বিরল ও সসীম সম্পদ

প্রাকৃতিকভাবে পাওয়া হীরার সরবরাহ হয় সীমিত পরিমাণে। আর এ কারণে এটি বিরল সম্পদ, আর এই দুষ্প্রাপ্যতা সময়ের সঙ্গে হীরার মান ঊর্ধ্বমুখী করে।

সংবেদনশীল মূল্য

প্রতিশ্রুতি, আভিজাত্য এবং উদযাপনের প্রতীক হওয়ায় হীরার গ্রাহক শ্রেণি সম্পূর্ণ আলাদা। এই মনস্তাত্ত্বিক সংযুক্তিটি সবকিছুর বিপরীতে তাদের আকর্ষণ বাড়িয়ে তোলে। আর এই বিষয়টিই হীরার আকাশচুম্বী মূল্যে অপরিসীম ভূমিকা পালন করে।

টেকসই ও বহনযোগ্য

হীরা টেকসই এবং পরিবহন করা সহজ। খুব অল্প জায়গার মধ্যে বেশ সুবিধাজনকভাবেই সঞ্চয় করা যায়। হীরার সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয় না, যার কারণে এটি প্রজন্ম থেকে প্রজন্মে সহজেই হাত বদল করা যায়।

বিলাসবহুল দ্রব্যে বিনিয়োগ

হীরাতে বিনিয়োগ বিলাসবহুল দ্রব্যের মালিক হওয়ার সেরা উপায়। সমাজের অভিজাত স্তরের অবস্থিতির নিমিত্তে উচ্চবিত্ত ক্রেতাদের প্রধান আকর্ষণ হীরা। পাশাপাশি বাজারে এর একচেটিয়া অবস্থান বিচক্ষণ ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের একটি সেরা উপায় হতে পারে।

হীরা বিনিয়োগের অসুবিধা


তারল্যের প্রতিবন্ধকতা

অন্যান্য বিনিয়োগের তুলনায় হীরার বাজার বেশ কঠিন। মূলত হীরার প্রকৃত বাজার মূল্য পেতে বিশেষজ্ঞ মূল্যায়নের প্রয়োজন। আর এ কারণে হীরা বিক্রি করাও বেশ চ্যালেঞ্জিং।

মূল্যের অস্বচ্ছতা

হীরার বাজারে বিক্রেতার শ্রেণিতে অত্যধিক ভিন্নতা এবং অঞ্চলভেদে মূল্যের তারতম্য হয়। পাশাপাশি হীরার সামগ্রিক দামেও স্বচ্ছতার অভাব থাকতে পারে। মানসম্মত মূল্যের এই প্রতিবন্ধকতা বিনিয়োগকারীদের জন্য তাদের হীরার ন্যায্য মূল্য নির্ধারণ করা কঠিন করে তুলতে পারে।

দুষ্প্রাপ্যতা ও শংসাপত্র

দুষ্প্রাপ্যতা একটি সুবিধা হলেও একটি হীরার গুণমান ও শংসাপত্র যাচাই করার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতার কারণ হতে পারে। এ জন্য বিনিয়োগকারীদের অবশ্যই স্বনামধন্য সার্টিফিকেশন এজেন্সির শরণাপন্ন হতে হবে। ক্রয়ের পূর্বে হীরা প্রত্যয়িত কি না সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।

মূল্যস্ফীতির আশঙ্কা

হীরার বাজার সম্ভাব্য মূল্যের হেরফের এবং স্ফীতি মূল্যের জন্য প্রায় তদন্তের সম্মুখীন হয়। এ ব্যাপারে ক্রেতাদের পাশাপাশি বিনিয়োগকারীদেরও সতর্ক হতে হবে। তারা ন্যায্য মূল্যে তাদের হীরা বিনিয়োগ করছেন কি-না, তা নিশ্চিতকরণে সঠিকভাবে যাচাই করে নেওয়া জরুরি।

স্বর্ণ নাকি হীরা: কোন বিনিয়োগটি বেশি লাভজনক?


আপনি ইতোমধ্যে স্বর্ণ ও হীরাতে বিনিয়োগের সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হয়ে গেছেন। এখন চলুন এমন কিছু কৌশলের ব্যাপারে জেনে নেওয়া যাক, যেগুলো “স্বর্ণ নাকি হীরা, কোন বিনিয়োগটি বেশি লাভজনক”- সে ব্যাপারে আপনাকে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে।

ঝুঁকি নেওয়ার প্রবণতা

আপনি কতটুকু ঝুঁকি নিতে পারবেন সর্বপ্রথম সে বিষয়টি নিশ্চিত করুন। স্বর্ণ যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্যমান অটুট রাখতে পারে, তাই স্বর্ণে বিনিয়োগে ঝুঁকির পরিমাণ অনেকটা কম হতে পারে। অন্যদিকে, অস্থিতিশীল দরের কারণে হীরা বেশ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের খাত। এছাড়াও হীরার গুণগত মান এবং মূল্য যাচাইয়ে যথেষ্ট দক্ষতার প্রয়োজন।

উদাহরণস্বরূপ, আপনি যদি ঝুঁকি-বিমুখ হন এবং স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেন, তাহলে স্বর্ণে বিনিয়োগ করা আপনার জন্য উপযুক্ত হবে। আপনি স্বর্ণের বুলিয়ন কেনা বা স্বর্ণের দাম ট্র্যাক করে এমন স্বর্ণ বিনিময়-বাণিজ্য তহবিলে (ইটিএফ) বিনিয়োগ করতে পারেন।

বিনিয়োগ মেয়াদ

আপনি কত সময় ধরে বিনিয়োগটি করতে চাইছেন তা নির্ধারণ করুন। স্বর্ণের ক্ষেত্রে প্রায়ই দীর্ঘমেয়াদের কথা ভাবা হয়ে থাকে। কেননা এটি অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সুরক্ষা প্রদান করে। অন্যদিকে, হীরা স্বল্পমেয়াদী বিনিয়োগের জন্য বা অভিজাত অলঙ্কারের প্রতি আগ্রহীদের জন্য বেশ উপযোগী।

উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার সম্পদ বেশি সময় ধরে সংরক্ষণের উপায় খুঁজে থাকেন, তাহলে স্বর্ণ আপনার বিনিয়োগের জন্য উৎকৃষ্ট খাত।

সম্পদের তারল্য

আপনার সম্পদটিকে আপনি কত দ্রুত কাগুজে টাকায় পরিণত করতে পারছেন তা যাচাই করুন। স্বর্ণ অত্যন্ত তরল এবং সহজেই কয়েন বা বার হিসেবে বিনিময় করা যায়। অন্যদিকে, হীরা কম তরল হতে পারে এবং ক্রেতা বা বিক্রেতাদের খুঁজে পেতে আরও প্রচেষ্টার প্রয়োজন হতে পারে।

উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার মজুদ সম্পদ দ্রুত ব্যবহারের প্রয়োজন অনুভব করেন, তবে স্বর্ণে বিনিয়োগ করাটা সঠিক সিদ্ধান্ত হবে। হীরা সাধারণত নগদে রূপান্তর করতে যথেষ্ট সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয়।

বাজারের চলমান অবস্থা

বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে স্বর্ণ এবং হীরার বাজারের চাহিদা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, সরবরাহ এবং চাহিদার গতিশীলতা ও বাজারের অস্থিরতার যেকোনো বিনিয়োগের রিটার্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ধরুন, বাজার বিশ্লেষণে দেখা গেল যে, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির কারণে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে স্বর্ণে বিনিয়োগ করা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ হবে। কারণ, অর্থনৈতিক অস্থিতিশীলতার সময় শেষ রক্ষা হিসেবে স্বর্ণের ঐতিহাসিক পরিচিতি আছে।

পরিশিষ্ট

পরিশেষে এই তুলনামূলক নিবন্ধ থেকে যে ফলাফলটি উঠে আসে তা হচ্ছে- “স্বর্ণ না-কি হীরা, কোন বিনিয়োগটি বেশি লাভজনক?” তা সম্পূর্ণ নির্ভর করছে ব্যক্তিগতভাবে আপনার পরিস্থিতি ও আপনি কতটা ঝুঁকি নিতে পারছেন তার ওপর।

একদিকে, স্বর্ণের মতো ঐতিহ্যগত বিনিয়োগটিকে নিরাপদ বাজি হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে, হীরার মতো অস্থিতিশীল বিনিয়োগ অনির্ভরযোগ্য হলেও সুদূরপ্রসারী দৃষ্টিসম্পন্ন, প্রতিভাবান ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য বেশ লাভজনক হতে পারে।

   

About

Popular Links

x