Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুরুষদের ফরমাল পোশাক বানানোর জনপ্রিয় ১০ দেশি ব্র্যান্ড

পুরুষদের ফরমাল পোশাক ও স্যুট বানানোর এই দেশি ব্র্যান্ডগুলোর মধ্যে ‘ফিট এলিগেন্স’ ও ‘ড্যাপার বেসপোক’ সবচেয়ে ব্যয়বহুল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

শুধু কর্মক্ষেত্রেই নয়, নানা সামাজিক অনুষ্ঠানের ধরনভেদেও প্রয়োজন হয় ফরমাল পোশাকের। কার্যক্ষেত্রে ভাব-গাম্ভীর্যের অনেকাংশই নিজেদের পরিধানে বজায় রাখার চেষ্টা করেন পুরুষেরা। কেউ কেউ এমন পরিপাটি পরিধেয় নিজেদের স্টাইলের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেন।

ফলশ্রুতিতে নৈমিত্তিক জমায়েতেও তাদের প্রায় সময়ই দেখা যায় স্যুট বা অন্যান্য ফরমাল বেশভূষায় হাজির হতে। রেডিমেড বা টেইলারিং যেমনি হোক না কেন, এমন পোশাক শিল্পের গ্রাহক শ্রেণি মোটেই সংকীর্ণ নয়। তাই এদেরকে উদ্দেশ্য করে দেশজুড়ে গড়ে উঠেছে শত শত ব্যবসায়িক প্রতিষ্ঠান। চলুন, এগুলোর মধ্যে জনপ্রিয় দেশি ব্র্যান্ডগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ক্যাটস আই

বর্তমানের এই স্বনামধন্য ব্র্যান্ডটি নেপথ্যে রয়েছে ১৯৮০ সালে গ্রিন সুপার মার্কেটে ছোট্ট একটি দোকান। সেখানে ক্যান্ডি থেকে শুরু করে অলঙ্কার পর্যন্ত প্রায় সবকিছুই বিক্রি করা হতো। দোকানের একটি ছোট অংশ শার্টের জন্য রেখেছিলেন প্রতিষ্ঠাতা দম্পতি সাঈদ সিদ্দিকী রুমি এবং আশরাফুন সিদ্দিকী ডোরা, যেগুলোর নকশা তারা নিজেরাই করতেন।

১৯৮৩ সালে তারা এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে একটি ফ্লোর স্পেস ভাড়া নিয়ে আনুষ্ঠানিক সূচনা ঘটান ক্যাটস আইয়ের। সে সময় বিশেষ করে পুরুষদের ফ্যাশন মার্কেটে কর্মজীবীদের জন্য ফরমাল বলতে তেমন ভালো কিছুই ছিল না। তখন সিদ্দিকী দম্পতির এই প্রতিষ্ঠানটিই ছিল তাদের একমাত্র ভরসা। এরপর থেকে কয়েক দশক ধরে দাপটে ব্যবসা করেছেন সিদ্দিকী দম্পতি।

পরবর্তীতে ১৯৯৩ সালে অবশ্য তারা পুরুষদের ক্যাজুয়াল পণ্যগুলোর সংগ্রহ নিয়ে চালু করে মনসুন রেইন। ১৯৯৮ সালে এই গ্রাহক শ্রেণিটিকে আরও সংকীর্ণ করে আবির্ভাব হয় ক্যাটস আই আনলিমিটেডের।

সাধারণ ক্যাটস আই সংগ্রহ বলতে ফরমাল সাদা ও নীল রঙের শার্ট এবং ফরমাল প্যান্টগুলোকেই বোঝানো হয়। এছাড়া তাদের শেরওয়ানি, পাঞ্জাবি এবং ম্যান্ডারিন ভেস্টগুলো তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে।

পুরুষদের ফরমাল স্যুট/পিক্সাবে

রিচম্যান

দেশের সমসাময়িক ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রিচম্যানের শুরুটা হয়েছিল ২০০৩ সালে ৩ জন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের হাত ধরে। তারা হলেন- মোহাম্মদ জুনায়েদ, নাজমুল হক খান এবং নাইমুল হক খান। রিচম্যানের উদ্ভূত হয়েছিল লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড কোম্পানি থেকে।

বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হওয়া প্রথম রিচম্যানে পুরুষের ফরমাল ও ক্যাজুয়াল দুটো পরিধেয়ই তোলা হয়েছিল। কিন্তু নকশা অনবদ্য হওয়ায় শিগগিরই সেগুলোর আলাদা অবস্থান তৈরি হয়ে যায় বাজারের অন্যান্য পোশাকগুলো থেকে। তরুণদের পক্ষ থেকে ধারাবাহিক ইতিবাচক সাড়াগুলোর ওপর ভিত্তি করে একের পর এক চালু হতে থাকে তাদের আউটলেটগুলো। বর্তমানে তাদের শাখা ঢাকার বাইরে চট্টগাম ও সিলেটে বিস্তৃতি লাভ করেছে।

তাদের সংগ্রহে রয়েছে নৌবাহিনীর জ্যাকেট, নেভি স্ট্রাইপ করা সুতির ফুল হাতা সোয়েটার, ধূসর প্রিন্টের হাফ হাতা হাওয়াই শার্ট এবং হাই নেক মেরুন রঙের সোয়েটার। সাধারণ ফরমাল শার্ট ও প্যান্টের সঙ্গে রয়েছে শ্যু এবং পুরুষের ব্যবহৃত প্রসাধনী।

বেলমন্ট ফেব্রিক্স

ফরমাল পরিধেয়ের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বেলমন্ট ফেব্রিক্স লিমিটেডের আগমন ছিল বাংলাদেশ পোশাক শিল্পে এক অনন্য সংযোজন। দেশে স্যুট ও ব্লেজারসহ ফরমাল প্যান্ট ও শার্টের টেইলারিং সেবা নিয়ে এর প্রতিষ্ঠা হয়েছিল ২০০৭ সালের ১০ নভেম্বর।

বেলমন্ট ফেব্রিকস লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ বাদশা শরীয়তপুরে জন্ম নেওয়া একজন প্রতিভাবান ব্যবসায়ী। বেশ ছোট পরিসরে শুরু করা কোম্পানিটির এখন তার জন্মস্থান ছাড়িয়ে গোটা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মিলে বেলমন্টের মোট ১৯টি আউটলেট রয়েছে।

গাজীপুরে ৮,০০০ বর্গফুটের ওপর এই কাস্টমাইজড সেলাই প্রতিষ্ঠানটির নিজস্ব একটি টেইলারিং ফ্যাক্টরি রয়েছে, যা সর্বাধুনিক যন্ত্রপাতিতে পরিপূর্ণ।

ফিট এলিগেন্স

বাংলাদেশি ব্র্যান্ড ফিট এলিগেন্স-এর জন্ম ২০০১ সালের ২৬ মার্চ। স্যুট, ব্লেজার এবং ট্রাউজারের চাহিদা পূরণে নিবেদিত এই প্রতিষ্ঠান মূলত ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের একটি সহযোগী উদ্যোগ। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত এক্সেকিউটিভ পরিচ্ছদ খাতের অন্যতম পথপ্রদর্শক ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক ১৯৮৫ সাল থেকে স্যুট তৈরি করে আসছে।

ফিট এলিগেন্ডের বর্তমানে ঢাকায় নয়টি এবং চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ স্টোর রয়েছে। তাদের বিশেষ সংগ্রহ তালিকায় রয়েছে প্রিন্স কোট, ওয়েইস্ট কোট, ব্লেজার, মুজিব কোট, ট্রাউজার, ওভারকোট, শেরওয়ানি এবং সাফারি।

পুরুষদের ফরমাল পোশাকের জন্য দেশজুড়ে গড়ে উঠেছে নানা প্রকার ব্যবসায়িক প্রতিষ্ঠান/প্রতীকী ছবি/পেক্সেলস

টপ টেন ফেব্রিকস অ্যান্ড টেইলার্স

বর্তমান সময়ে টেইলারিং জগতে সবচেয়ে জনপ্রিয় নাম টপ টেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সুনাম এবং দক্ষতার সঙ্গে কাপড়, কাস্টমাইজড টেইলার্স এবং ফ্যাশন শিল্পে ব্যবসা করে আসছে টপ টেন গ্রুপ। এর নেপথ্যে রয়েছেন কিশোরগঞ্জের মেধাবী ব্যবসায়ী মো. সৈয়দ হোসেন।

শুরুটা খুব ছোট্ট পরিসরে হলেও টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেড এখন বাংলাদেশের সবচেয়ে নামকড়া এবং বৃহত্তম কাস্টম-মেড টেইলারিং ব্র্যান্ডগুলোর একটি। ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ মিলে ব্র্যান্ডটির মোট আউটলেট সংখ্যা ২৫। আর সেগুলোর মধ্যে ঢাকাতেই রয়েছে ১৭টি। তাদের নিজস্ব কাস্টম-মেড পরিধেয়গুলো ছাড়াও রয়েছে বিশ্ব মানের রেমন্ড, অরবিন্দ, রিড অ্যান্ড টেইলর, ডোনার, লিনেন ক্লাব, সোকটাস, সেঞ্চুরি, ওসিএম, এবং মোরারজি।

ফেরদৌস টেইলার্স ফেব্রিক্স ফ্যাশন

ফেরদৌস টেইলার্স ফেব্রিক্স ফ্যাশন শুরু হয় ১৯৮০ সালে ফেরদৌস আলি খানের মাধ্যমে। পরবর্তী কয়েক যুগ ধরে সুনামের সঙ্গে ব্যবসা করা এই কাস্টম-মেড টেইলারটি ছিল দেশের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের প্রিয় পছন্দ।

ঢাকার প্রায় সব গুরুত্বপূর্ণ লোকেশনগুলোতে রয়েছে এদের উপস্থিতি। তাদের বৈচিত্র্যপূর্ণ কাপড়, সেলাইয়ের প্যাটার্ন এবং দামের কারণে তারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের কাছাকাছি পৌঁছতে পারে। শার্ট, স্যুট, ও প্রম স্যুট এদের সেরা তালিকার অন্তর্ভুক্ত। এগুলোর ফিচারে রয়েছে তুলা, লিনেন, সিল্ক, কাশ্মীর এবং ভিসকোস সহ নানা উপকরণ।

স্টার টেইলার্স

পুরুষদের কাস্টম-মেড পোশাকের ক্ষেত্রে দেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান এই স্টার টেইলার্স প্রাইভেট লিমিটেড। ১৯৬৫ সাল থেকে মামুলি এক দর্জি দোকান থেকে যাত্রা শুরু করে স্টার টেইলার্স। প্রথম দিকে তারা মূলত স্যুট তৈরির কাজ করতো। এভাবেই বছরের পর বছর ধরে সূক্ষ্ম কারুকাজসহ স্যুট বানানোতে দেশব্যাপী দুর্দান্ত খ্যাতি ধরে রেখেছিল স্টার। একই সঙ্গে তারা দেশের সর্বোত্তম কাপড় তৈরিকারকও ছিল।

এখন স্টার আর সেই দর্জি দোকানটি নেই। বিশাল স্টার টেইলার্সের বর্তমান অবস্থান পুরান ঢাকার আরমানিটোলায়।

পুরুষদের ফরমাল পোশাক/প্রতীকী ছবি/পেক্সেলস

ড্যাপার বেসপোক

সাম্প্রতিক সময়ে পুরুষদের সবচেয়ে অভিজাত ফরমাল পোশাক তৈরিকারকগুলোর একটি হচ্ছে ড্যাপার বেসপোক। ২০১৪ সালে বাংলাদেশে পুরুষ ফ্যাশন বিশেষজ্ঞ শাহজামান মজুমদার প্রতিষ্ঠা করেন ড্যাপার বেসপোক। এর আগে তিনি পরিচিত ছিলেন তার কর্পোরেট ড্রেসিং নির্ভর ব্লগের জন্য। ড্যাপার বেসপোকের মাধ্যমে মূলত সেই ব্লগের কার্যক্রমটিই দৃষ্টিগোচর হয়।

তারা বেসপোক স্যুট ছাড়াও তাদের বিশেষত্ব রয়েছে শার্ট, ব্লেজার, শেরওয়ানি, এবং ট্রাউজারেও। তাছাড়া পরিধেয়গুলো তৈরি হয় অত্যন্ত অভিজ্ঞ পোশাকশিল্পীদের দ্বারা। ড্যাপার বেসপোকের একমাত্র শাখা ঢাকার বনানীতে।

আইডিয়াল টেইলার্স

১৯৮৯ সালে যাত্রা শুরু পর থেকে ৩০ বছরেরও বেশি সময় ধরে পুরুষদের কাস্টম-টেইলার পোশাক শিল্পে সবচেয়ে সম্মানিত নাম আইডিয়াল টেইলার্স প্রাইভেট লিমিটেড। উচ্চমানের কাপড়ের অফার থেকে শুরু করে তাদের বিশেষত্ব বিক্রি পরবর্তী সেবা পর্যন্ত বিস্তৃত। সেখানে এদের স্বাক্ষর মেলে সূক্ষ্ম হ্যান্ড টেলারিং এবং ফেব্রিক নির্বাচনে।

এছাড়াও স্যুট এবং শার্ট তৈরির যাবতীয় পদক্ষেপগুলোতে স্টাইল সংক্রান্ত তাদের পরামর্শ গ্রাহকের ব্যক্তিত্ব ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য বিধান করে। এর সঙ্গে যুক্ত হয় ব্যবসায়িক এবং সামাজিক চাহিদার মেলবন্ধন। তাদের সেরা কাজগুলোর মধ্যে রয়েছে বেসপোক স্যুট, টপকোট এবং শার্ট। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক টেইলরটির শাখা রয়েছে মোট দুটি’জায়গায়- একটি রমনায়, আরেকটি উত্তরায়।

সানমুন টেইলার্স

১৯৮২ সালে প্রতিষ্ঠা লাভ করা সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী এম.ডি. কুতুবউদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক এমডি ওয়াসিউদ্দিন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ সানমুন টেইলার্সের শাখা রয়েছে মোট ১১টি। শার্ট এবং ট্রাউজার ছাড়াও যে জায়গাগুলোতে তারা সুনাম অর্জন করেছে স্যুট, প্রিন্স কোট, শেরওয়ানি, ওভারকোট, এবং মুজিব কোটে।

শেষাংশ

পুরুষদের ফরমাল পোশাক ও স্যুট বানানোর এই দেশি ব্র্যান্ডগুলোর মধ্যে ফিট এলিগেন্স ও ড্যাপার বেসপোক সবচেয়ে ব্যয়বহুল। রেডিমেড ফরমাল শার্ট ও স্যুটের ক্ষেত্রে অনেক কম সময়েই জনপ্রিয়তা পেয়েছে রিচম্যান। তবে তরুণদের সেরা পছন্দে অভিনব কালেকশনের ক্যাটস আইও খুব একটা পিছিয়ে নেই।

টেইলারিং শিল্পে বৈচিত্র্য ও দেশব্যাপী বহুল উপস্থিতি শীর্ষস্থানে নিয়ে এসেছে টপ টেনকে। বৃহৎ পরিসরে দেখলে, সব থেকে পুরনো ও নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক স্টার টেইলার্সের নাম প্রায় পুরোটাই ছাপিয়ে গেছে স্বল্প সময়ে অধিক পরিচিতি পাওয়া বেলমন্ট।

যুগের হাওয়ার সঙ্গে বাকিগুলো তাল মেলাতে না পারলেও নিজ নিজ অবস্থান থেকে তারা স্বতন্ত্র অবদান রেখে চলেছে বাংলাদেশের অর্থনীতিতে।

   

About

Popular Links

x