বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৭ বছর বয়সেই ভোটাধিকার দেওয়া যেতে পারে।”
তবে জাতিসংঘ শিশু অধিকার সনদ, ১৯৮৯ অনুযায়ী ১৮ বছরের নীচে সবাইকে শিশু হিসেবে গণ্য করা হয়।
চলুন দেখা যাক বিশ্বের কোন দেশে ভোটার হওয়ার বয়স কত....
বিশ্বের বেশিরভাগ দেশেই ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮। বিশ্বের ৮৫% দেশেই ১৮ বছর বয়সে ভোটাধিকার পায় জনগণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, জার্মানি, ইটালি, ফ্রান্স, ক্যানাডা, অস্ট্রেলিয়া, কাতার, সাউথ আফ্রিকাসহ বেশির ভাগ গণতান্ত্রিক দেশই আছে এই তালিকায়।
বাংলাদেশের প্রতিবেশী দেশের অবস্থা উপমহাদেশে বাংলাদেশের প্রতিবেশী সব দেশেই ভোটার হওয়ার বয়স ১৮ বছর। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপে ১৮ বছরের আগে কেউ ভোট দিতে পারে না। তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানেও ভোটার হওয়ার বয়স ছিলো ১৮ বছর। তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে আর ভোট হয়নি।
১০টি দেশে ১৬ বছর বয়সেও ভোট দেওয়ার সুযোগ আছে কয়েকটি দেশে। এদের মধ্যে বেশিরভাগই ল্যাটিন অ্যামেরিকার দেশ। যেমন: ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, কিউবা, নিকারাগুয়া। এছাড়া ছোট দেশ মাল্টা, জার্সি, গুয়ের্নসে এবং দ্য আইল অফ ম্যান এ ১৬ বছর বয়সে ভোট দেওয়া যায়। ইউরোপের দেশ অস্ট্রিয়াতেও এই নিয়ম রয়েছে।
চারটি দেশে ১৭ বছর বয়সে ভোট দেওয়ার অধিকার আছে। এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। এছাড়া গ্রিস, পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়াও আছে এই তালিকায়।
সলোমন দ্বীপপুঞ্জ একমাত্র দেশ যেখানে ১৯ বছর বয়সে ভোটাধিকার পাওয়া যায়। তাইওয়ান, ক্যামেরুন, বাহরাইন, নাউরুতে ভোটাধিকার প্রাপ্তির বয়স ২০ বছর।
২১ ও ২৫ বছর বয়সে ভোটাধিকার রাজনৈতিকভাবে রক্ষণশীল দেশ যেমন: কুয়েত, সিঙ্গাপুর, লেবানন, ওমান এবং টোঙ্গা, টোকেলাও, সামোয়াতে মানুষ ভোটাধিকার পান ২১ বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে ভোটাধিকার পান সংযুক্ত আরব আমিরাতের মানুষ- ২৫ বছরে।
জার্মানিতে রাজ্য বা প্রাদেশিক নির্বাচনে ১৬টি রাজ্যের মধ্যে ৬টিতে ভোটারদের সর্বনিম্ন বয়স ১৬ বছর। এছাড়া ১১টি রাজ্যে পৌর নির্বাচনে ভোট দিতে পারেন ১৬ বছর বয়সিরা। বাকি প্রদেশ ও জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর।
স্থানীয় সরকার বা প্রাদেশিক ক্ষেত্রে কয়েকটি দেশে ভোটারের বয়স সাধারণ নির্বাচনের চেয়ে ভিন্ন। এছাড়া পেশা এবং বৈবাহিক অবস্থার ওপরও বয়সের তারতম্য নির্ভর করে। যেমন: সার্বিয়া, স্লোভেনিয়া এবং অন্য বলকান দেশগুলোতে ১৬ বছর বয়সে কেউ চাকরি পেলে ভোট দেওয়ার অধিকার পায়। ইসরায়েলে ১৭ বছর বয়সে পৌর নির্বাচনে ভোট দেওয়া যায়। বেলজিয়াম ও জার্মানির মানুষ ১৬ বছর বয়সে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারে।



প্রধান উপদেষ্টা: ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত