সকালের এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি আপনার খাদ্যনালির জন্য ঝুঁকির কারণ হতে পারে। সম্প্রতি এক গবেষণার বরাতে বলা হয়েছে, অতিরিক্ত গরম চা বা কফি নিয়মিত পান করলে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি প্রায় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে। দ্য গার্ডিয়ানের নামে প্রচারিত একটি গ্রাফিক্সে এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের ওপর ১৪ বছর ধরে এই গবেষণা চালানো হয়েছে। এতে দেখা গেছে, অতিরিক্ত তাপমাত্রার পানীয় নিয়মিত পান করলে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে।
বিজ্ঞানীদের ব্যাখ্যা, খুব গরম পানীয় খাদ্যনালির ভেতরের সংবেদনশীল কোষগুলোকে বারবার ক্ষতিগ্রস্ত করে, এক ধরনের দগ্ধ অবস্থা তৈরি করে। এই ক্ষতি বারবার ঘটতে থাকলে পরে ক্যানসার কোষ তৈরির পথ সহজ হয়ে যেতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, দিনে ছয় কাপ বা তার বেশি অতিরিক্ত গরম পানীয় পান করলে এই ঝুঁকি প্রায় ৭১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এ কারণে চা-কফি তৈরির পরপরই না খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সহনীয় তাপমাত্রায় পান করার পরামর্শ দেওয়া হয়েছে।



