মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে।
সোমবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এ তথ্য জানিয়েছে।
দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর এ ঘোষণা এলো।
২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার। সেবার ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সেনা সমর্থিত জান্তা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও মিয়ানমারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিকল্পনা পেছাতে হয় তাদের।
এর আগে ২০১৫ সালে অং সান সু চি’র নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) পার্টি নির্বাচনে বিজয়ী হয়। ওই নির্বাচন ছিল ১৯৯০ সালের পর অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন।



