Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথম নির্বাচনেই সরকার গঠন করতে যাচ্ছেন থালাপতি বিজয়

সবচেয়ে বড় দল হিসেবে তাঁর আত্মপ্রকাশ নিশ্চিত হওয়ায় কিংমেকার হিসেবে তাঁর ভূমিকাই এখন মুখ্য

আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:১৮ পিএম

রুপালি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘ব্লকবাস্টার’ জয়ের পথে দক্ষিণী মেগাস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি বিশ্বজুড়ে ‘বিজয় থালাপতি’ নামেই সমধিক পরিচিত। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠনের পর প্রথমবার নির্বাচনে নেমেই তামিলনাড়ুর দুই ঐতিহ্যবাহী রাজনৈতিক পরাশক্তিকে ধরাশায়ী করতে চলেছেন তিনি।

সোমবার (৪ মে) এনডিটিভির সর্বশেষ নির্বাচনী তথ্য অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৪টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ৫৮টি আসনে এগিয়ে থেকে বড় পরাজয়ের মুখে রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই জোট ১৫৯টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল।

রাজ্যের আরেক প্রভাবশালী পক্ষ অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোট ৭১টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাত্র দুই বছর আগে ২০২৪ সালে যাত্রা শুরু করা বিজয়ের দল যেভাবে কয়েক দশকের পুরনো দুই রাজনৈতিক শক্তিকে পেছনে ফেলেছে, তাকে ভারতীয় রাজনীতির অন্যতম বড় চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয় বর্তমানে ১০৪টি আসনে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁতে তাঁর আরও কিছু আসন প্রয়োজন হতে পারে। তবে সবচেয়ে বড় দল হিসেবে তাঁর আত্মপ্রকাশ নিশ্চিত হওয়ায় কিংমেকার হিসেবে তাঁর ভূমিকাই এখন মুখ্য।

৫০ বছর বয়সি এই তারকা চেন্নাইয়ের সন্তান। তাঁর বাবা এস এ চন্দ্রশেখর খ্যাতিমান পরিচালক। বাবার হাত ধরে চলচ্চিত্রে আসা বিজয় দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে রাজনীতির জন্য তিনি রুপালি পর্দাকে বিদায় জানিয়েছেন। আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত শেষ সিনেমা ‘জন নায়গন’। রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমাটি এখন ভক্তদের কাছে বিজয়ের রাজনৈতিক দর্শনেরই এক প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।

থালাপথি বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে ‘ডিএমকে বনাম এআইএডিএমকে’ এই দ্বিমুখী প্রথা ভেঙে এক নতুন দিগন্ত উন্মোচন করল। এখন দেখার বিষয়, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজয় কীভাবে তাঁর প্রথম সরকার গঠন করেন।

   

About

Popular Links

x