Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

দেশটির হুনান প্রদেশের এ ভয়াবহ বিস্ফোরণে আরও ৬১ জন আহত হয়েছেন

আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৪৫ পিএম

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে হুনান প্রদেশের লিউইয়াংয়ের লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের প্রেসিডেন্ট শি বিস্ফোরণের কারণ নির্ধারণ ও ঘটনাটির জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রায় ৫০০ দমকল কর্মী, উদ্ধার কর্মী ও চিকিৎসা কর্মী ঘটনাস্থলে উপস্থিত আছেন। ভবনের ভেতরে আটকা পড়াদের খুঁজে বের করতে রোবট ব্যবহার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পুলিশ কারখানার মালিকপক্ষ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আটক করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকারী দলগুলোকে আতশবাজি কারখানার ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সবাইকে সরিয়ে নিতে হয়েছে। তারা উদ্ধার অভিযানের সময় দ্বিতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ঘটনাস্থল থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে সিসিটিভির একজন প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাব এতটাই বিধ্বংসী ছিল যে কারখানার কাছে একটি আবাসিক ভবনের জানালাও ভেঙে গেছে।

লিউইয়াং শহরটি চীনের আতশবাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির মোট উৎপাদনের প্রায় ৬০% এবং রপ্তানির প্রায় ৭০% আতশবাজি এখানেই তৈরি হয়।

   

About

Popular Links

x