Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উইপোকার উপদ্রবে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

কক্ষ পরিবর্তনের অনুরোধ জানানোর পরও দ্রুত বিকল্প ব্যবস্থা না নেওয়ায় সার্কিট হাউজ ছেড়ে যান তিনি  

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম

কুমিল্লা সার্কিট হাউজে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউজের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষ বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। বিশেষ করে কক্ষের আলমারির ভেতরে থাকা বালিশ, কম্বল রাখার স্থানসহ কয়েকটি জায়গায় উইপোকার বাসা এবং বিপুল পরিমাণে উইপোকা দেখা যায়। এতে অসুবিধা বোধ করে তার সহকারী একান্ত সচিব সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা জানান, বিষয়টি জানানোর পরও তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে তিনি বিষয়টি কুমিল্লার এনডিসিকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জানান। এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা। পরে শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ছেড়ে চলে যান।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

তিনি বলেন, “কুমিল্লা সার্কিট হাউজের মতো জায়গায় চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।”

এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নাজিরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x