ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। সোমবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই রাজ্যের একাধিক স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার(৫ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপির কর্মী-সমর্থকরা এই সহিংসতা চালিয়েছেন। তবে বিজেপি এসব ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূলের দাবি অনুযায়ী, ভোট গণনার গতিপ্রকৃতি ও বিজেপির জয় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদে তাদের দলীয় কার্যালয়গুলোতে হামলা চালানো হয়। দ্য স্টেটসম্যান পত্রিকার ফেসবুক পাতায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কলকাতার রুবি ক্রসিং এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে। ভিডিওতে হামলাকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা দেখা গেছে।
উল্লেখ্য, গতকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, বিদায়ী ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৮১টি আসনে। এই বড় জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে বিজয়োল্লাসের পাশাপাশি রাজনৈতিক উত্তজনা ও সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



