Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই থালাপতি বিজয়ের চমক

ভারতীয় জাতীয় কংগ্রেসসহ সমমনা কয়েকটি দলের সমর্থনে ১২০টি আসন নিশ্চিত করে টিভিকে

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:২২ পিএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জনকল্যাণমুখী বড় ঘোষণা দিয়ে পুরোদমে কাজ শুরু করেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। 

রবিবার (১০ মে) শপথ নেওয়ার পর নিজের প্রথম দাপ্তরিক আদেশে আবাসিক গ্রাহকদের জন্য বড় ধরনের সুখবর নিয়ে এসেছেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বিজয় আবাসিক গ্রাহকদের জন্য প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার আদেশে স্বাক্ষর করেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এছাড়া রাজ্যে নারী নিরাপত্তা জোরদার করতে একটি বিশেষ সুরক্ষা বাহিনী গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। বিজয়ের এমন তড়িৎ সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, তামিলনাড়ুর প্রশাসনিক কর্মকাণ্ডে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে।

আজ স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে শপথবাক্য পাঠ করান। বিজয়ের সঙ্গে তাঁর মন্ত্রিসভার আরও নয়জন সদস্য শপথ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে বিজয়কে অভিনন্দন জানান। এছাড়া বিজেপি ও অন্যান্য দলের রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

তামিলনাড়ুর এবারের রাজনৈতিক পটপরিবর্তন ছিল বেশ রোমাঞ্চকর। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) এককভাবে নিশ্চিত করতে পারেনি। গত শুক্রবার পর্যন্ত তাদের আসন সংখ্যা ১১৬-তে আটকে ছিল।

পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ সমমনা কয়েকটি দলের সমর্থনে ১২০টি আসন নিশ্চিত করে টিভিকে। এর ফলে তামিলনাড়ুর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল জোট সরকার গঠন করল এবং অভিনেতা থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় রাজ্যের শীর্ষ পদে আসীন হলেন।

   

About

Popular Links

x