Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোরে ঘুম থেকে ডাকায় স্ত্রীর ওপর ক্ষোভ, অতঃপর কৃষকের আত্মহত্যা

বুধবার (২১ মে) সকালে উত্তরপ্রদেশের হাথরাস জেলার রামপুর জাট্টারি গ্রামে এই ঘটনাটি ঘটে

 

আপডেট : ২৩ মে ২০২৬, ১১:০৭ এএম

ভোরে ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীর ওপর রেগে গিয়ে এক কৃষক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।  

গত বুধবার (২১ মে) সকালে উত্তরপ্রদেশের হাথরাস জেলার সিকান্দ্রারাও থানার অন্তর্গত রামপুর জাট্টারি গ্রামে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহত কৃষকের নাম লালু সিং (৩৫)। তিনি স্ত্রী আশা দেবী, ছয় বছর বয়সী ছেলে আরভ এবং এক বছর বয়সী কন্যাসন্তান আরোহীকে রেখে গেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, লালু সিং প্রতিদিন সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠতেন। ঘটনার দিন বুধবার ভোর ৫টার দিকে তার স্ত্রী আশা দেবী তাদের ছেলেকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় রান্নাঘরের লক হয়ে যাওয়া একটি দরজা খোলার জন্য তিনি স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন।

অসময়ে ঘুম থেকে জাগানো নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লালু সিং স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। পরে ছেলে স্কুলে চলে গেলে আশা দেবী স্বামীকে চা বানিয়ে দেন।

সকাল ৭টার দিকে চা খাওয়ার পর লালু তার শ্যালককে ফোন করে বলেন, “এটাই আমাদের শেষ কথা, আমি চলে যাচ্ছি। তোমার বোনকে দেখে রেখো।”

এরপর লালু নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে সিকান্দ্রারাও থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বিছানার ওপর থেকে লালু সিংয়ের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি অবৈধ দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ।  

সিকান্দাররাও থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) শিব কুমার জানান, ঘটনাস্থল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ ও তদন্ত শুরু করেছে।

   

About

Popular Links

x