Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রেপ্তার এড়াতে পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি আসামির

ওই আসামি পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি দেন পুলিশকে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। “শুটার” নামে পরিচিত অভিষেক ওরফে সঞ্জয় সিং নামের এক আসামিকে গ্রেপ্তার করতে যায় স্থানীয় পুলিশ। এ সময় ওই আসামি পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি দেন পুলিশকে।

এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশের অভিযানের সময় এক আসামি একটি ভবনের পাঁচতলার কার্নিশে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। পুলিশের অপরাধ শাখার একটি দল তাকে বাসার ভেতরে আসার অনুরোধ করছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই আসামির বিরুদ্ধে হামলা, দাঙ্গা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গত ৭ জুন পুলিশ ওই ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ভেতর থেকে দরজা আটকে দেন। রান্নাঘরের বারান্দা দিয়ে তিনি ভবনের কার্নিশে অবস্থান নেন।

পুলিশ বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকার পর অভিষেক নিজেই পুরো ঘটনার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাতে শুরু করেন। সেখানে দাঁড়িয়ে তিনি হুমকি দিতে থাকেন, পুলিশ তাকে ধরার চেষ্টা করলে তিনি নিচে লাফ দেবেন। পুলিশ তখন বাসার ভেতর থেকেই অভিষেককে বোঝানোর চেষ্টা করেন।

ভিডিওতে শোনা যায়, অভিষেক এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলছেন, “আমি জানি, আমার কী হতে যাচ্ছে।” তখন পুলিশ কর্মকর্তা উত্তর দেন, “কিছুই হবে না।” এ সময় ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আপনি ভিডিও করছেন, তাই না? আমরা কী করব বলুন? আমাদের ইউনিফর্ম কি ভালো লাগে না?”

তবু অভিষেক বারবার বলেন, “আমার জন্য খুব খারাপ কিছু হবে, আমি জানি।”

আসামি অভিষেক আরও অভিযোগ করেন, একজন কর্মকর্তা নাকি তাকে নখ তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। অভিষেক বলেন, “আমার তো মরে যাওয়াই ভালো।”

প্রায় তিন ঘণ্টা বোঝানোর পর, পুলিশ অভিষেককে আটক করে।

   

About

Popular Links

x