পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পালাবদল হতেই পবিত্র ঈদুল আজহার (কোরবানির ঈদ) সরকারি ছুটিতে কাটছাঁট করেছে নতুন বিজেপি সরকার। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের শুরুতে ঈদ উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে সরকার পরিবর্তনের পরপরই নতুন প্রশাসন সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনলো।
শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এবারের কোরবানির ঈদে রাজ্যে মাত্র একদিনই সরকারি ছুটি থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে ঈদ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক শক্ত প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে কঠোর কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেও জোর দিচ্ছে নতুন বিজেপি সরকার। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ফাঁকিবাজি ও অতিরিক্ত ছুটির সংস্কৃতি কমিয়ে সাধারণ মানুষের জন্য দ্রুত জনসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিতির সময়সীমা নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সাধারণত প্রতি বছরের শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে বার্ষিক সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই নিয়ম অনুযায়ী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলাকালে প্রকাশিত তালিকায় বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে এই দুই দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছিল। তবে শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে বর্তমান রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার দুই দিনের পরিবর্তে একদিনের ছুটি কার্যকর করা হয়েছে।



