মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ -এর প্রশ্নফাঁস ও দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পূর্বে প্রকাশিত বক্তব্যে বিপুল ইতিবাচক মতামত পাওয়ায় দেশের তরুণ ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক নতুন ভিডিও বার্তায় তিনি এই ধন্যবাদ জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার একটি সুযোগ হয়েছিল। আপনারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে যেভাবে গঠনমূলক মতামত ও নানা পরামর্শ পাঠিয়েছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন যেন সব সময় বজায় থাকে এবং আমাদের মধ্যকার এই সক্রিয় যোগাযোগ আরও দৃঢ় হয়।"
ভিডিওটির ক্যাপশনেও তরুণ সমাজকে উদ্দেশ্যে করে তিনি লেখেন, "গতকাল ২৩ জুলাই প্রকাশিত ভিডিওটি দেখে মূল্যবান প্রতিক্রিয়া ও পরামর্শ পাঠানো সব তরুণ বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।"
উল্লেখ্য, ভারতজুড়ে পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এর ঠিক একদিন আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে প্রথম ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। সেখানে তিনি স্বীকার করেন যে, প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয় এবং এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের।
ওই ভিডিওতে মোদি ঘোষণা দিয়েছিলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আরও কঠোর আইনি কাঠামো দাঁড় করানো হচ্ছে। জড়িতদের বিচারে বিশেষ 'ফাস্ট ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠন এবং শাস্তির মাত্রা বহুগুণ বাড়াতে একটি খসড়া বিল মন্ত্রিসভায় তোলা হবে। আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে আগামী সপ্তাহেই তা লোকসভায় পাসের জন্য পেশ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, বিগত আড়াই মাসে অনিয়মে জড়িত বহু অপরাধীকে গ্রেপ্তার করে সিআইডি ও পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি বিবাদের মুখে থাকা প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যার ফলাফল ইতিমধ্যে গত ১৯ জুলাই প্রকাশ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে মোদি সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই মধ্যরাতের এই দ্বিতীয় ভিডিও বার্তাটি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



