Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার দিল্লির প্রেসক্লাবে নরেন্দ্র মোদিকে পূজা

তবে বিষয়টি জানার পর অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রেখে পূজা ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ এ কর্মসূচির আয়োজন করেন। তবে বিষয়টি জানার পর অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মোদিকে উৎসর্গ করে দিল্লিতে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত স্থানেই বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়। সেখানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয় এবং ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

আয়োজকেরা কর্মসূচিটির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

মোদির পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলন করার কথা বলে প্রেস ক্লাবের একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের ভাষ্য, হল ভাড়ার চুক্তির শর্ত অনুযায়ী সেখানে সংবাদ সম্মেলন ছাড়া অন্য কোনো কর্মসূচি আয়োজনের অনুমতি ছিল না।

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে এমন একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও তাদের নজরে এসেছে। তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

প্রেস ক্লাব আরও জানায়, হলটি শুধুমাত্র সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়াটেরা চুক্তির শর্ত ভঙ্গ করায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

   

About

Popular Links

x