Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

জার্মানিতে তীব্র গরমে ৯,৮০০ মানুষের মৃত্যু

এ সময়ে পুরুষদের তুলনায় নারীর মৃত্যু বেশি হয়েছে

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

চলতি বছর গ্রীষ্মে জার্মানিতে তীব্র গরমজনিত কারণে অন্তত ৯,৮০০ জনের মৃত্যু হয়েছে।  

জনস্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ২০১৬ সালে এ ধরনের পরিসংখ্যান রাখা শুরুর পর থেকে গরমজনিত কারণে এবারই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এর আগে জার্মানিতে এক গ্রীষ্মে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন ২০১৮ সালে। সেবার মারা গিয়েছিল প্রায় ৮,৯০০ জন।  

চলতি গ্রীষ্মে গত ১৯ জুলাই পর্যন্ত জার্মানিতে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছে রবার্ট কখ ইনস্টিটিউট।

দেখা গেছে, এ বছর তীব্র গরমজনিত কারণে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই ছিলেন ৭৫ বছর বা তার চেয়ে বেশি বয়সি। এ সময়ে পুরুষদের তুলনায় নারীর মৃত্যু বেশি হয়েছে।  

তবে রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, এমনিতে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকাদের মধ্যে নারীর সংখ্যা বেশি বলেই গরমজনিত কারণে মৃতের সংখ্যাতেও নারীর সংখ্যা বেশি এসেছে।

রবার্ট কখ ইনস্টিটিউটের প্রতিবেদনে আরও বলা হয়, সরাসরি তীব্র গরমের কারণে খুব কম মানুষেরই মৃত্যু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর প্রত্যক্ষ কারণ ছিল আগেই ধরা পড়া হৃদরোগ, ফুসফুস বা কিডনির রোগ। তীব্র গরম এমন শারীরিক সমস্যাকে আরও জটিল করে তোলে।

এ কারণে সাধারণত মৃত্যু-সনদে মৃত্যুর কারণ হিসেবে গরমের কথা উল্লেখ করা হয় না। সরকারি তালিকাতেও তাই মৃত্যুর কারণ ‘তীব্র গরম’ থাকে না। তাই তীব্র গরমের সপ্তাহগুলোর মৃতের সংখ্যার সঙ্গে স্বাভাবিক তাপমাত্রার সময়ের মৃতের সংখ্যার তুলনা করে গরমজনিত কারণে মৃতের সংখ্যা নির্ণয় করে রবার্ট কখ ইনস্টিটিউট।

   

About

Popular Links

x