Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদোত্তীর্ণ বিস্কুট

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

ভারতে ঘুষ নিয়ে নিয়মভঙ্গকারী দোকানদারকে অব্যাহতির অভিযোগে রাজ্য খাদ্য সুরক্ষা প্রশাসনের (এফডিএ) এক কর্মকর্তাকে জোড়পূর্বক মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা চালিয়েছে উত্তেজিত জনতা। 

শনিবার (২৯ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি এক স্থানীয় পান দোকান থেকে কেনা মেয়াদোত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খাওয়ার পর পরই শিশুটির প্রচণ্ড মাথা ঘোরা শুরু হয় এবং শারীরিক অবস্থার চরম অবনতি হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও এলাকার বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগর এলাকার এফডিএ কার্যালয়ে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্রে পরিদর্শনে আসা এক কর্মকর্তার বিরুদ্ধে শুরুতেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, কর্মকর্তা আসার পূর্বেই দোকান থেকে সেই বিষাক্ত চানাচুরের প্যাকেটগুলো আড়াল করে ফেলা হয়।

পরবর্তীতে পরিদর্শনকালে উক্ত দোকানে অসংখ্য মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেট উদ্ধার করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা দোকানদারের বিরুদ্ধে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা নেননি। এতে উপস্থিত জনতা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে তীব্র প্রতিবাদ শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি চরম অনিয়ন্ত্রিত রূপ নেয়। উত্তেজিত জনগণ সেই মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ার উপযোগী কি না তা যাচাই করার দাবি তুলে ‘নিজে খেয়ে প্রমাণ করুন’ বলে চিৎকার করতে থাকে। এরপর ক্ষুব্ধ জনতা জোরপূর্বক সেই মেয়াদোত্তীর্ণ বিস্কুট কর্মকর্তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা চালায়।

সমগ্র রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এফডিএ যখন ধারাবাহিক অভিযান পরিচালনা করছে, ঠিক সেই সময়ে একজন কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ জনগণের এই গণপ্রতিরোধের ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

   

About

Popular Links

x