Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভয়ে বাইরে বের হন না ব্যারন ট্রাম্প

'দ্য নিউইয়র্ক পোস্ট' এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

বাবা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু জীবনের প্রথম পর্যায় থেকেই একের পর এক ট্রাম্প পরিবারকে ঘিরে রক্তক্ষয়ী ঘটনা, রাজনৈতিক বৈরিতা এবং সম্প্রতি তাকে হত্যার তিন-তিনটি চেষ্টা দেখে বেড়ে ওঠা ট্রাম্পের ২০ বছর বয়সী ছোট ছেলে ব্যারন ট্রাম্প এখন নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখাই নিরাপদ মনে করছেন। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পক্ষ থেকে সরাসরি হত্যার হুমকি আসায় তার এই আড়ালের জীবন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম 'দ্য নিউইয়র্ক পোস্ট'-এর এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ব্যারন গ্রীষ্মের প্রায় পুরো সময়টাই মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে কাটিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ব্যারন জনসমক্ষে আসা একেবারেই পছন্দ করেন না এবং বাইরে বের হওয়ার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে দ্রুত সুরক্ষিত আশ্রয়ে ফিরে যান।

এমন আত্মগোপনমূলক জীবনযাত্রার মাঝেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমে ব্যারনকে হত্যার হুমকি সম্বলিত ভিডিও প্রচারিত হয়েছে। ‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা যায়’ শীর্ষক প্রকাশিত সেই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারনের দৈনন্দিন চলাফেরার বিস্তারিত দৃশ্য তুলে ধরা হয় এবং তার অবস্থান নিশ্চিত করতে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ২৮ লাখ টাকা) পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ভিডিওটিতে হুমকি দিয়ে বলা হয়, “এটি কেবল শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করুন।”

ইরানের এই প্রকাশ্য হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস পুঙ্খানুপুঙ্খ অবগত বলে জানিয়েছে সিএনএন। সংস্থাটির মুখপাত্র নেট হেরিং এক বিবৃতিতে জানান, এই ভিডিওটি তাদের নজরে এসেছে এবং প্রেসিডেন্টের পরিবারের জন্য সম্ভাব্য হুমকি বিবেচনা করে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার একমাত্র ছেলের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া বিবৃতিতে মেলানিয়ার কার্যালয় ব্যারনের নিরাপত্তা নিশ্চিত করতে তার ব্যক্তিগত জীবনের ওপর গণমাধ্যমকে তথ্য প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

তবে ব্যারন ট্রাম্পকে হত্যার চক্রান্তের বিষয়টিকে পুরোপুরি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। লেবাননের সংবাদমাধ্যম ‘আল মানার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই দাবি করেন, এ ধরনের কোনো পরিকল্পনা বা চক্রান্ত ইরানের নেই।

   

About

Popular Links

x