Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়লো কার্গো উড়োজাহাজ, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। রানওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি পাশের সড়কে গিয়ে পড়ে এবং সেখানে চলাচলরত কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিবিসি বলছে, দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল বোয়িং ৭৬৭-৩০০ মডেলের একটি কার্গো উড়োজাহাজ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি অ্যামাজনের মালিকানাধীন প্রাইম এয়ারের বহরে ব্যবহৃত হতো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রবিবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মায়ামির দিকে যাচ্ছিল।

এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, মায়ামিতে অবতরণের সময় বিমানটি রানওয়ের বাইরে চলে গিয়ে পাশের সড়কে পড়ে। সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কার্গো বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুনের পাশাপাশি ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে বিমানটি অবতরণের সময় ঠিক কী কারণে রানওয়ের বাইরে চলে গেল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে সড়কে ঠিক কতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল জানিয়েছেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করছেন।

   

About

Popular Links

x