Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালয় বিমানবন্দর বন্ধ

দেশটির সেনা সমর্থিত সরকার জানায়, গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা আত্মঘাতী ড্রোন হামলা চালায়

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

বিদ্রোহীদের ড্রোন হামলার পর মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দর দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা আত্মঘাতী ড্রোন দিয়ে বিমানবন্দরে হামলা চালিয়েছে জানিয়ে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে দেশটির সেনা সমর্থিত সরকার ।

মিয়ানমারের মধ্যাঞ্চলের মান্দালয় বিমানবন্দরটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে বেসামরিক বিমান হামলা সতর্কতাবিষয়ক বিভিন্ন সংগঠন এটিকে সামরিক যুদ্ধবিমান উড্ডয়ন কেন্দ্র হিসেবেও চিহ্নিত করেছে।

তবে শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, মান্দালয় বিমানবন্দর আজ ও আগামীকাল বন্ধ থাকবে। বিমানবন্দর ভবন থেকে কিছুটা দূরে হামলা হয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।

সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি।

মিয়ানমারের অন্য একটি বিমানবন্দরে কর্মরত আরেক এক নিরাপত্তা কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মান্দালয় বিমানবন্দরটি রবিবার পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে।

এদিকে, সেনা সমর্থিত সরকার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার বিকেলে ছয়টি আত্মঘাতী ড্রোন বিমানবন্দরে হামলা চালায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ফ্লাইট চলাচলের সময়সূচি ব্যাহত হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সশস্ত্র বাহিনী দেশটিতে গৃহযুদ্ধের সূচনা করে। এর মধ্য দিয়ে অং সান সু চির সরকারকে উৎখাত করে এক দশকের গণতান্ত্রিক যাত্রার অবসান ঘটানো হয়।

পাঁচ বছর ধরে চলা সংঘাতের পর এখন সামরিক বাহিনী গণতন্ত্রপন্থী ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

   

About

Popular Links

x