Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে হাম, চারজনের মৃত্যু

১৯৯০-এর দশকের পর এবারই প্রথম দেশটিতে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

বাংলাদেশে হামে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে সপ্তাহখানেক আগেই। এরমধ্যে জানা গেলো, বাংলাদেশ থেকে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরের দেশ যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে হাম। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হামজনিত জটিলতার কারণে দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে একজনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

এরইমধ্যে দেশটিতে এ রোগের প্রাদুর্ভাবে শত শত মানুষ আক্রান্ত হয়েছেন।

পেনসিলভেনিয়ার মিফ্লিন কাউন্টির করোনার অফিস জানিয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে, ‘কিস্টোন স্টেট’ নামে পরিচিত পেনসিলভেনিয়ায় এ পর্যন্ত ৬০০ জনেরও বেশি হাম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা।

টিকাদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূল করতে সক্ষম হয়েছিল। তবে এ বছর দেশটিতে ১৯৯০-এর দশকের পর থেকে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে দুজনই শিশু। ওই প্রাদুর্ভাব প্রধানত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার বিষয়ে মানুষের দ্বিধা বেড়েছে। এর ফলে টিকাদানের হার কমেছে এবং হাম আক্রান্তের সংখ্যাও বেড়েছে।

পেনসিলভেনিয়ার রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে ১৮ বছর বয়সী ও ৪০ বছর বয়সী যে দুজন হামজনিত জটিলতায় মারা গেছেন, তারা দুজনই টিকাবিহীন ছিলেন।

এছাড়া দুই শিশুরও মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে শিশুদের সাধারণত ১২ মাস বয়সের আগে প্রথম এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা দেওয়া হয় না।

   

About

Popular Links

x