অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার দুই বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্ত দিয়ে ওই দুই বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করেন। গতকাল রাতে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
পরে তাদের কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই বাংলাদেশি গৌতম অধিকারী নামে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের নাম জানান। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলির মাগরায়। তিনি রাজস্থানের যোধপুরে মোতায়েন ছিলেন। তবে বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।
ওই দুই বাংলাদেশির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গৌতম অধিকারীর বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তবে ওই দুই বাংলাদেশি কেন ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালত তিনজনেরই ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।



