ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এখনো সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। কেউ কেউ খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকে আবার মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছেন।
ঘটনার পর দিল্লি ট্রাফিক পুলিশ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এক্সে দেওয়া বার্তায় ট্রাফিক পুলিশ জানায়, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। এর প্রভাবে সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সম্ভব হলে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং বা ভিড় না করা এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনার মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন আরও কয়েকজন। এক মাসের ব্যবধানে আবার বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।



