ভারতের দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নতুন নেতৃত্ব পাওয়া অজিঙ্ক্য শিন্ডে বলেছেন, দিল্লি পুলিশ যেখানে বিক্ষোভকারীদের আটকাবে, সেখানেই যন্তর মন্তর গড়ে তোলা হবে।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।
ভিডিওবার্তায় অজিঙ্ক্য শিন্ডে বলেন, "আপনারা জানেন, অভিজিৎ দীপকে এবং দলের দুই মুখপাত্র সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে মোদি-শাহের সরকার বিমানবন্দর থেকেই আটক করেছে। এই সরকার ভয় পেয়ে গেছে।"
তিনি আরও বলেন, "এর আগে যখন সবাই যন্তর মন্তরে জড়ো হয়েছিলাম, তখন আমরা নরেন্দ্র মোদি ও অমিত শাহের অহংকার চূর্ণ করে দিয়েছি। এ কারণেই এবার যেন লোক যন্তর মন্তরে না পৌঁছায়, সেজন্য তারা বাস-ট্রেন সব বন্ধ করে দিয়েছে।"
মোদি-শাহের ভয়ের কারণেই আন্দোলনকারীরা অর্ধেক লড়াই জিতে গেছেন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, "নতুন লড়াই শুরু হয়ে গেছে। আমরা কী চাই? দেশের লোক কী চায়? যে ভোটের অধিকার চুরি হয়েছে, সেটাই ফেরত চাওয়া হচ্ছে। যে জ্ঞানেশ ভোট চুরি করেছে, তার পদত্যাগই তো চাওয়া হচ্ছে। এ কারণেই পুরো সরকার পুরো দিল্লি বন্ধ করে দিয়েছে।"
শেষে অজিঙ্ক্য শিন্ডে বলেন, "যেখানেই পুলিশ আটকাচ্ছে, সেখানেই আপনারা যন্তর মন্তর বানান। যতক্ষণ জ্ঞানেশ কুমার পদত্যাগ না করছেন, ততক্ষণ এ লড়াই চলবে।"
আটক হওয়ার আশঙ্কায় আগের রাতেই একটি ভিডিওবার্তা রেকর্ড করেছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ওই ভিডিওতে তিনি জানান, তিনি, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কা আটক থাকলে অজিঙ্ক্য শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভ পরিচালনা করবেন। দলের শীর্ষ নেতাদের আটকের পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থান জানিয়েছে সিজেপি।



