সদ্য প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের রেসের ঘোড়া পালনের শখ ছিল। ঘোড়দৌড়ে অনেক আগ্রহী ছিলেন তিনি। তার আস্তাবলে ছিল বেশ কিছু ঘোড়া। রানির মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এসব ঘোড়ার মালিক হন তার ছেলে রাজা তৃতীয় চার্লস।
এসব ঘোড়ার মধ্য থেকে ১৪টি ঘোড়া বিক্রি করে দিয়েছেন রাজা তৃতীয় চার্লস।এ খবর জানিয়েছে বিবিসি।
সোমবার (২৪ অক্টোবর) নিলামকারী প্রতিষ্ঠান টেটারসলস রানি এলিজাবেথের ১৪টি ঘোড়াশাবক বিক্রি করে।
টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ বলেন, “ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই রাজপরিবার কিছু ঘোড়া বিক্রি করে থাকে। রানি এলিজাবেথের অনেক ঘোড়া শাবক ছিল। লালন-পালন করে সেগুলো বিক্রি করা যেত। এতগুলো ঘোড়া আস্তাবলে রেখে দেওয়া সম্ভব নয়।”
জিমি জর্জ আরও বলেন, “রানির ঘোড়া বিক্রি করে দেওয়া মানে ঘোড়দৌড়ের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। মজুত থাকা পণ্য প্রতিবছরই মালিক বিক্রি করেন। রাজা চার্লসও সে রকমই করছেন।”
বিবিসি জানায়, উন্নত জাতের এসব ঘোড়ার প্রশিক্ষক স্যার মাইকেল স্টটে। বিভিন্ন সময় রেসে বিজয়ী শতাধিক ঘোড়ার প্রশিক্ষক ছিলেন তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথ রাজকীয় এসব ঘোড়া উত্তরাধিকার সূত্রে তার বাবা ষষ্ঠ জর্জের কাছ থেকে পেয়েছিলেন।



