১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তার সাবেক স্বামী ও বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বলে দাবি করেছেন ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। তার রচিত নতুন স্মৃতিকথায় এই বিস্ফোরক দাবি করা হলে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ডায়ানাকে নিয়ে লেখা স্মৃতিকথায় আর্ল স্পেন্সার লিখেছেন, ফ্রান্সের প্যারিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোন ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর চার্লসকে ফোন করেছিলেন তিনি। ফোনে চার্লসের স্বর ও ভাবভঙ্গি শুনে মনে হয়েছিল তিনি ‘লটারি জিতেছেন’ এবং খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন। অন্যান্য স্বজন ও পরিচিতরা যখন গভীর শোক প্রকাশ করছিলেন, তখন চার্লসের আচরণ ছিল সম্পূর্ণ বিপরীত। ফোনে চার্লস তাকে জানান যে, বালমোরাল প্রাসাদে ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে পরের দিন সকালে মৃত্যুর খবর দেওয়া হবে।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম 'ডেইলি মেইল'-এ আর্ল স্পেন্সারের বইয়ের এই অংশটি প্রকাশিত হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাকিংহাম প্যালেস। রাজপ্রাসাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, স্পেন্সারের এই দাবির কোনো সত্যতা নেই। অন্যদিকে ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির প্রতিনিধি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা কোনো মন্তব্য করবেন না।
উল্লেখ্য, ১৯৯৬ সালের আগস্টে তৎকালীন ক্রাউন প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এর পরের বছর, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।



