চীনে কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগ চেয়েও অনেকে স্লোগান দিচ্ছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৯:৫৪ এএম

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ দিয়েছে চীন সরকার। এ বিধিনিষেধের বিরুদ্ধে দেশটিতে চলছে বিক্ষোভ। দেশটিতে প্রথম কোভিড শনাক্ত হওয়ার তিন বছর পরও সরকারের কঠোর করোনাবিধি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় লকডাউনের বিধিনিষেধকে দায়ী করেন স্থানীয়রা। ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে। দেশজুড়ে বিভিন্ন স্থানে রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন হাজার হাজার মানুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ অনেক মানুষকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগ চেয়েও অনেকে স্লোগান দিয়েছেন।

রাজধানী বেইজিং, সাংহাই ও নানজিংয়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 

চীনে প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ বা স্লোগান দেওয়ার ঘটনা বিরল। দেশটির আইন অনুযায়ী, সরকার ও প্রেসিডেন্টকে নিয়ে সরাসরি সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষ হয়তো কঠোর জিরো কোভিড নীতির প্রতি মানুষের ক্ষোভের মাত্রা অনুধাবনে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এই নীতি থেকে পিছু না হটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

এদিকে, রবিবার (২৭ নভেম্বর) সাংহাইতে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় এড লরেন্স নামে বিবিসির এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।