আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার নদীতে স্থানীয় সময় সোমবার (১২ জুন) ভোরে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।
পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই বলেন, “প্রতিবেশী নাইজার রাজ্যের নিকটবর্তী কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে নৌকাটি ডুবে যায়।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। তার মানে মৃতের সংখ্যা বাড়বে।”
স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু আছে। সবাই নাইজার রাজ্যের এগবোটি গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এ ঘটনায় নৌকা থাকা কেউ বেঁচে আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
গত মাসে নাইজেরিয়ার উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ হন। এর আগে এক বছর আগে একই নদীতে জ্বালানি কাঠ আনতে গিয়ে আরও ২৯ শিশু নদীতে ডুবে যায়। গত বছর ডিসেম্বরে দক্ষিণপূর্ব আনাম্ব্রায় বর্ষার সময় উত্তাল নদীতে নৌকা ডুবে ৭৬ জন মানুষ প্রাণ হারান।



