নিউজিল্যান্ডের একটি দ্বীপে সৈকতে আটকা পড়ে প্রায় ২৫০ তিমির মৃত্যু হয়েছে। দেশটির চ্যাথাম আইল্যান্ড নামের দ্বীপে ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (৭ অক্টোবর) তিমিগুলোর মৃত্যু হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
নিউজিল্যান্ডের পূর্ব উপকূল থেকে চ্যাথাম দ্বীপটি প্রায় ৮০০ কিলোমিটার দূরে।
গত বৃহস্পতিবার অনেক তিমি প্রশান্ত মহাসাগরের এই দ্বীপের সৈকতে এসে পড়ে। এগুলো সৈকতে উঠে স্রেফ নিস্তেজভাবে পড়েছিল।
এদিকে দ্বীপটি প্রত্যন্ত হওয়ায় উদ্ধারকাজও বিঘ্নিত হয়। পরে আজ দেখা যায়, তিমিগুলো মরে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, সমুদ্রের বিরূপ পরিস্থিতি আর সাদা হাঙরের অত্যাচারে এই তিমি আর ডলফিনগুলো সৈকতে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানে আটকা পড়ে তারা মারা গেছে।
দেশটির প্রাণী সংরক্ষণ বিভাগ বলছে, আটকা পড়ে মারা যাওয়া তিমিগুলোর মরদেহ প্রাকৃতিকভাবে পচে যাওয়ার জন্য বাইরে ছেড়ে দেওয়া হবে।
নিউজিল্যান্ডের চ্যাথাম আইল্যান্ডেও এমন ঘটনা নতুন নয়। এর আগে ১৯১৮ সালে দ্বীপটিতে একইভাবে প্রায় এক হাজার সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছিল।
মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ার একটি সৈকতে প্রায় ২০০ তিমি মারা গিয়েছিল। ওই সময় বন্যপ্রাণী রক্ষাকারী সংস্থা মাত্র ৪৪টি তিমি ভাসাতে সক্ষম হয়।
পাইলট তিমি ছয় মিটারেরও বেশি লম্বা হতে পারে। তারা অত্যন্ত মিলনপ্রবণ। ফলে যারা দল বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিপদে পড়ে।



