কম্বোডিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কান্দাল প্রদেশে মেকং নদীতে নৌকাডুবিতে ৯ জন শিশু প্রাণ হারিয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন শিক্ষার্থী ও দুইজন ক্রু।
উদ্ধারকর্মীরা জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের প্রধান অ্যাম থৌ বলেন, এটা একটা দুঃখজনক দুর্ঘটনা। পানিতে ডুবে নয় শিক্ষার্থী নিহত হয়েছে। দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৫-এর মধ্যে।
এদিকে মেকং নদীতে নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন কম্বোডীয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বন্যার সময় মেকং নদীর পানি বেড়ে যাওয়ায় জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিক এ ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, এ ঘটনায় তারা মর্মাহত।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নৌকাডুবির ঘটনা খুবই সাধারণ। এ সব জায়গায় নদীর ধারে বসবাসকারী লোকেরা পরিবহনের জন্য নৌযানের ওপর নির্ভরশীল। ২০০৯ সালে কম্বোডিয়ায় ফেরিডুবে ১৭ যাত্রীর মৃত্যু হয়।



