রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আদালতের নির্দেশ অনুযায়ী কেম ২৭ বছর তিনি গৃহবন্দী থাকবেন। এছাড়া তিনি রাজনীতি ও নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন।
২০১৭ সালের সেপ্টেম্বরে এক রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয় কেম সোখাকে।
এরপর তার নেতৃত্বাধীন সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।
কম্বোডিয়ার ফৌজদারি কোডের ৪৪৩ অনুচ্ছেদের অধীনে একটি বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কেম সোখাকে।
এদিকে এই বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।



