মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাদণ্ড স্থগিত করে গৃহবন্দিত্বে যাওয়ার পথ চূড়ান্তভাবে খুলে গেছে। দেশটির হাইকোর্ট তার গৃহবন্দিত্ব অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা বিষয়টি নিশ্চিত করেছে।
রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধের পর শুক্রবারই নাজিবের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে অ্যাটর্নি জেনারেলের শেষ মুহূর্তের আইনি আপত্তিতে প্রক্রিয়াটি সাময়িকভাবে থমকে যায়। ক্ষমার আদেশের আইনি ব্যাখ্যা নিয়ে অ্যাটর্নি জেনারেল প্রশ্ন তুললেও রাজা সুলতান ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দেন, তার ক্ষমার আদেশে কোনো অস্পষ্টতা নেই। রাজার এই অবস্থানের পর হাইকোর্ট নাজিবকে অবিলম্বে গৃহবন্দি করার চূড়ান্ত অনুমতি দেন।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নাজিব রাজাক “ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ” (১এমডিবি) তহবিলের কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছিলেন। শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। হাইকোর্টের সর্বশেষ আদেশের মাধ্যমে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল, আর এখন আনুষ্ঠানিকভাবে গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার এই বিতর্কিত ও প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী।



