Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও একজন চিকিৎসক, একজন মেডিকেল সহকারী ও দুজন নার্স ছিলেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলীয় সারাওয়াক রাজ্যের দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়া স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। 

নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলট ছাড়াও একজন চিকিৎসক, একজন মেডিকেল সহকারী এবং দুজন নার্স রয়েছেন।

এএফপি বরছে, সারাওয়াকের লং লেলাংয়ের একটি হেলিপ্যাডের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি মিরি শহর থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকিফলি আহমাদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হেলিকপ্টারে পাইলটসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মী ছিলেন। তারা সবাই সরকারি দায়িত্বে ওই এলাকায় যাচ্ছিলেন।

মিরির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারের পাঁচ আরোহীরই মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও প্রতিকূল পরিবেশের কারণে তা বাধাগ্রস্ত হয়। সারাওয়াকে দাবানল থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে ওই এলাকায় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। ফলে উদ্ধারকারীদের আকাশপথে ঘটনাস্থলে পাঠানো সম্ভব হয়নি। এমনকি সড়কপথেও দুর্ঘটনাস্থলে পৌঁছুতে প্রায় ১০ ঘণ্টা সময় প্রয়োজন হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে, তা এখনো জানা যায়নি।

‘ফ্লাইং ডক্টর’ সেবা মূলত দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা, জরুরি পরিবহন এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যবহৃত হয়।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো ঘটনাটি তদন্ত করছে। তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করবে।

   

About

Popular Links

x