Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল! ১৮৬ প্রাণ নিয়ে উড়োজাহাজ জরুরি অবতরণ চেন্নাইয়ে

এয়ারবাস এ ৩৩০-২০০ মডেলের উড়োজাহাজটি নিরাপদেই চেন্নাইয়ে অবতরণ করে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ ৩৩০-২০০ মডেলের উড়োজাহাজটি নিরাপদেই চেন্নাইয়ে অবতরণ করে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর ও অ্যাভিয়েশন সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আকাশে ওড়ার সময় মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-১৫৬ ফ্লাইটটির ২ নম্বর ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। পরিস্থিতি আঁচ করে দ্রুতই তিনি নিকটস্থ চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

খবর পেয়ে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ভারতীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে সঙ্গে সঙ্গে “ফুল ইমার্জেন্সি” ঘোষণা করে। রানওয়ে সংলগ্ন এলাকায় প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও একাধিক অ্যাম্বুলেন্স। এরপর নির্ধারিত সময় বিকেল ৪টা ৪০ মিনিটের চার মিনিট পর, অর্থাৎ ৪টা ৪৪ মিনিটে বিমানটি বিমানবন্দরের ৪৫ নম্বর বে তে সফলভাবে অবতরণ করে।

চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, জরুরি অবতরণ প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং বিমানে থাকা ১৮৬ জন যাত্রী ও ক্রু সদস্য সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।

অবতরণের পর বিশেষ কারিগরি দল ও এয়ারলাইনসের প্রকৌশলীরা ইঞ্জিনের ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান শুরু করেছেন। এদিকে যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার কারণে বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি।

   

About

Popular Links

x