কেনিয়ায় পল মাকেঞ্জি নামে এক ধর্ম প্রচারক তার অনুসারীদের “আমৃত্যু উপবাস” করার আদেশ দিয়েছিলেন। এই আদেশ পালন করতে গিয়ে তার অনুসারীদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমে দেশটির পুলিশ মাকেঞ্জির জমি থেকে ৪৭টি মরদেহ উদ্ধার করেছে।
দেশটির উপকূলীয় শহর মালিন্দির কাছে এ ঘটনা ঘটে। কবর খুঁড়ে বের করা মৃতদেহগুলোর মধ্যে শিশুদের লাশও আছে। গত ১৫ এপ্রিল ধর্মান্ধতা প্রচারের অভিযোগে পল মাকেঞ্জিকে গ্রেপ্তার করা হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মালিন্দি সাব-কাউন্টির পুলিশ প্রধান জন কেম্বোই বলেছেন, ধর্মযাজক পল মাকেঞ্জির জমিতে অগভীর কবরগুলো এখনো খনন করা হয়নি। তদন্ত অব্যাহত থাকায় মাকেঞ্জিকে আরও বেশি সময় আটকে রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
জনসাধারণের কাছ থেকে একটি তথ্যের ভিত্তিতে পুলিশ মালিন্দিতে ধর্ম প্রচারকের সম্পত্তিতে অভিযান চালায়। এ সময় তারা ১৫ জন অনাহারী ব্যক্তিকে খুঁজে পেয়েছিল। পরে তাদেরও চারজন মারা যায়। অনুসারীরা বলেছিলেন যে তারা যিশুর সঙ্গে দেখা করার জন্য যাজকের নির্দেশে অনাহারে ছিলেন।
পুলিশ বলছে, গত শুক্রবার খনন শুরু হয় এবং মাকেঞ্জির খামারজুড়ে কয়েক ডজন অগভীর কবর ছড়িয়ে রয়েছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাকেঞ্জি গত চার দিন ধরে অনশন করছেন।
২০১৯ সালে এবং এ বছরের মার্চ মাসে শিশুদের মৃত্যুর ঘটনায় দু'বার এই যাজককে গ্রেপ্তার করা হয়েছিল। প্রতিবার তাকে বন্ডে মুক্তি দেওয়া হয়েছিল এবং উভয় মামলা এখনও আদালতে চলমান।
স্থানীয় রাজনীতিবিদরা মালিন্দি এলাকায় ধর্মের প্রসারের নিন্দা জানিয়ে আদালতকে এবার তাকে মুক্তি না দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
কেনিয়ার দৈনিক পত্রিকা স্ট্যান্ডার্ড জানিয়েছে, ভুক্তভোগীরা অনাহারে মারা গিয়েছিলেন কি-না তা নিশ্চিত হতে প্যাথলজিস্টরা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখবেন।
মালিন্দির সোশ্যাল জাস্টিস সেন্টারের ভিক্টর কাউডো সিটিজেন টেলিভিশনে বলেছেন, “আমরা যখন ওই বনের একটি এলাকায় উপস্থিত হলাম যেখানে বড় ও লম্বা একটি ক্রস ছিল, আমরা জানতাম এর মানে সেখানে পাঁচজনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে।”
স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধর্ম প্রচারক তিনটি গ্রামকে নাজারেথ, বেথেলহেম ও জুডিয়া নামে নামকরণ করেছিলেন এবং অনুসারীদের পুকুরে নিয়ে ব্যাপ্টটাইজ করার পর অনাহারে থাকতে বলতেন।
কেনিয়ার মানুষজন স্বভাবগতভাবে ধর্মভীরু এবং এর আগেও সেখানে এ ধরনের বিপজ্জনক, অনিয়ন্ত্রিত গির্জা অথবা কাল্টে প্রলুব্ধ হওয়ার ঘটনা ঘটেছে।



