Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিলিপাইনে মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন

যাত্রীবাহী ওই ফেরিটিতে ক্রু ও যাত্রীসহ ১২০ জন ছিলেন

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৫:৩৮ পিএম

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাঝসমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। যাত্রীবাহী ওই ফেরিটিতে ক্রু ও যাত্রীসহ ১২০ জন ছিলেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফেরিটি ১২০ জন যাত্রী ও ক্রু নিয়ে ফিলিপাইনের সিকুইজোর প্রদেশ থেকে বোহোল প্রদেশে যাচ্ছিল। সে সময় মাঝ সাগরে এম/ভি এস্পেরানজা স্টার নামক ফেরিটিতে আগুন ধরে যায়। বর্তমানে ফেরিটি থেকে যাত্রীদের উদ্ধার কাজ চলছে।

ফেরির আগুন নেভাতে ও আটকে থাকাদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

তবে ফেরি থেকে কতজনকে উদ্ধার করা হয়েছে বা হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে বলা হয়নি।

কোস্টগার্ডের প্রকাশিত ছবি এবং ভিডিওতে দেখা যায়, ফেরির এক প্রান্তে দুটি ডেক থেকে অগ্নিশিখা এবং কালো ধোঁয়া উড়ছে। এবং অন্যাপ্রান্তে কোস্টগার্ড কর্মীরা অন্য একটি জাহাজে জল কামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে৷

এছাড়া ওই সময় ঘটনাস্থলে মাছ ধরার ও অন্য আরেকটি নৌকা দেখা যাচ্ছিল। তবে কোস্টগার্ডের ভিডিও এবং ছবিতে জ্বলতে থাকা ফেরিটির ৬৫ যাত্রী ও ৫৫ ক্রুর কাউকেই দেখা যায়নি।

৭ হাজার ১০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনে সমুদ্রপথে ভ্রমণ হলো পরিবহন ব্যবস্থার মধ্যে সবচেয়ে সস্তা মাধ্যম। পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে দেশটির রেকর্ড খুব বেশি ভালো নয়। নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলো এখনো কোনো বাধা ছাড়াই চলাচল করছে।

এর আগে ২০২২ সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বে পলিলো দ্বীপ থেকে যাত্রা করার পরপরই ১২৪ জন যাত্রী বহনকারী একটি ফেরিতে আগুন লেগে সাতজন মারা গিয়েছিল। সে সময় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছিল।

এছাড়া এ বছরের ৩০ মার্চ সমুদ্রে থাকা অবস্থায় দক্ষিণ ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ৩১ জন নিহত হন। ফেরিটিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

   

About

Popular Links

x