কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় লোনদিয়ানিতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দেশটির কেরিচো ও নাকুরু শহরের মাঝামাঝি লন্ডিয়ানি জংশনে এ দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আঞ্চলিক পুলিশ কমান্ডার টম বয়া ওডেরো বলেন, “ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আটটি অন্যান্য যান, কয়েকটি বাইক ও পথচারীদের ওপর উঠে যায়।”
স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, “এখন পর্যন্ত ৪৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও দুই-একজন মানুষকে এখনও ট্রাকের নিচ থেকে উদ্ধার করা যায়নি বলে ধারণা করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শী মাউরিন জেপকোচ বলেন, “শোচনীয় এক দৃশ্য দেখেছি। প্রচুর মানুষ মারা গেছেন, রাস্তা জুড়ে ছড়িয়ে ছিল শুধু রক্ত আর মৃত দেহ।”
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং অন্যান্য নেতারা। এমন দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন।



