Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুলেটপ্রুফ বিশেষ ট্রেনে চেপে রাশিয়ায় কিম জং উন

  • মঙ্গলবার সকালে রাশিয়া পৌঁছান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
  • কোভিডের পর এটাই তার প্রথম বিদেশ সফর
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম

রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা নেতা কিম জং উন। ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে চড়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে রাশিয়ায় পৌঁছান তিনি। এর আগে রবিবার সকালে রাশিয়ার‌ উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম একটি সবুজ রঙের ব্যক্তিগত ট্রেনে চেপে পিয়ংইয়ং ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন।

কিম জং উনের সঙ্গে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী, দেশটির সামরিক কর্মকর্তারা ছাড়াও উত্তর কোরিয়ার শীর্ষ অস্ত্রশিল্পের কর্মকর্তারাও আছেন বলে জানা গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে তার এই সফর বলে দাবি যুক্তরাষ্ট্রের।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।”

বিনিময়ে কিম জং–উন কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন বলে জানা গেছে।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হতে যাচ্ছে। দুই দলের প্রতিনিধির মধ্যে আলোচনা হবে।

কোভিড মহামারির পর এটাই কিম জং-উনের প্রথম বিদেশ সফর। ২০১৯ সালেও ট্রেনে ভ্লাদিভোস্টক ভ্রমণ করেছিলেন কিম। পুরো ট্রেনটি বুলেটপ্রুফ। অনেক ভারি হওয়ায় ঘণ্টায় ৫৯ কিলোমিটারের বেগে বেশি চলতে পারে না এটি।

   

About

Popular Links

x