রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কমসমোল্স্কে পৌঁছেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জংউন। দিনব্যাপী সেখানকার একটি সামরিক কারখানা ঘুরে দেখেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
রাশিয়ার মিডিয়া কিমের ট্রেনেরও ছবি প্রকাশ করেছে। ট্রেন স্টেশনে ঢুকছে, এমন ছবি মিলিছে। কিমকে রীতিমতো লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
স্টেশনে নেমেই কিম চলে যান সামরিক কারখানাটি দেখতে। সেখানে এসইউ ৩৫ এবং এসইউ ৫৭ বিমান দেখেছেন তিনি। কারখানাটিতে যুদ্ধবিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি হয়।
গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। দেশের প্রেসিডেন্টের ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক হয়েছে উত্তর কোরিয়ার প্রধানের। সেখানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
কিমের এই সফর নিয়ে চিন্তা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে আরও বড় সামরিক চুক্তিতে যাচ্ছে উত্তর কোরিয়া, এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার হাতে আরও অস্ত্র আসবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্য়ে সেনা সহযোগিতা, অস্ত্রচুক্তি এবং উপগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ, উত্তর কোরিয়াকে উপগ্রহ চিত্র দিয়েও সাহায্য করবে রাশিয়া।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়ে রেখেছে। রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় অস্ত্র এলে তা জাতিসংঘের নীতি পরিপন্থী হবে বলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে কীভাবে উত্তর কোরিয়াকে আটকানো যায়, তা নিয়েই মূলত আলোচনা চলছে বিরোধীদের মধ্যে।



