চীনের মধ্যস্থতায় তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের সামরিক সরকারের প্রতিনিধিরা। সোমবার (১১ ডিসেম্বর) জান্তার এক মুখপাত্র এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জান্তার মুখপাত্র ঝাও মিন তুন বলেন, চীনের মধ্যস্থতায় এই বৈঠক হয়েছে। এই মাসের শেষের দিকে এমন আরেকটি বৈঠক হতে পারে।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।
এ বছরের অক্টোবরের শেষ দিকে তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলোতে চীন সীমান্তের কাছে বেশ কয়েকটি সামরিক ফাঁড়ি ও শহরের দখল তারা নিয়েছে।
মুখপাত্র বলেছেন, মিয়ানমারের জাতীয় ঐক্য ও শান্তি স্থাপন সমন্বয় কমিটি তিনটি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের অগ্রগতির ভিত্তিতে এই মাসের শেষের দিকে আরেকটি আলোচনা হতে পারে।
গোষ্ঠীগুলো হলো, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মি (এএ)।
বৈঠকটি কোথায় হয়েছে তা স্পষ্ট নয়, মুখপাত্রও আলোচনার বিস্তারিত জানাননি। এই বিষয়ে তিনটি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিক্রিয়া জানা যায়নি। চীনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
অপারেশন ১০২৭–এর অংশ হিসেবে টিএনএলএ, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, আরাকান আর্মিদের নিয়ে গঠিত ব্রাদারহুড অ্যালায়েন্স যোদ্ধারা শান, কাচিন, চিন, রাখাইন রাজ্য এবং মান্দালয়, সাগাইং ও মাগউই অঞ্চলে টানা হামলা চালাচ্ছে। এরই মধ্যে তারা সেনাদের বিভিন্ন ঘাঁটি দখল করে নিয়েছে।



