Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েতের আমির মারা গেছেন

তবে ৮৬ বছর বয়সী কুয়েত আমিরের মৃত্যুর কারণ জানানো হয়নি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে কুয়েতের আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ বলেন, ‍‍“আমরা গভীরভাবে শোকাহত। আমরা কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক বিভিন্ন দেশ এবং বিশ্বের শুভাকাঙ্ক্ষীরা আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি আজ সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন।”

তবে কুয়েতের পক্ষ থেকে আমিরের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে ওই সময়ও তার অসুস্থতার কারণ জানানো হয়নি।

শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।

আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

এখন শেখ নাওয়াফের মৃত্যুতে তার সৎ ভাই শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের (৮৩) আমিরের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

   

About

Popular Links

x