উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্ন অঞ্চলে কমপক্ষে ৪৭ জন নারীকে অপহরণ করেছে জঙ্গিরা। অঞ্চলটিতে বোকো হারাম ও ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ উঠেছে আইএস-এর দিকে। কয়েক দিন আগে এ ঘটনা ঘটলেও পিছিয়ে পড়া এলাকাটি থেকে খবর আসতেই অনেক সময় লেগে গেছে। অবশেষে বুধবার (৬ মার্চ) ঘটনার কথা জানাজানি হয়।
প্রাথমিকভাবে ইসলামিক স্টেট ৫০ জন নারীকে অপহরণ করেছিল। তিনজন নারী পালাতে সক্ষম হয়েছেন। তাদের কাছ থেকেই বাকিদের এবং অপহরণকারীদের বিবরণ পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই এলাকা ক্যামেরুন এবং চাদের সীমান্তবর্তী। সেখানকার জঙ্গল থেকে নারীরা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। তখনই তাদের ঘিরে ধরে সন্ত্রাসীরা। তারা এমনভাবে গুলি চালাতে শুরু করে যে নারীরা বাধ্য হয় চাদের দিকে হাঁটতে। সে সময়েই তিনজন নারী কোনোরকমে পালিয়ে বাঁচেন।
পালিয়ে বাঁচা ফালমাতা বুকার রয়টার্সকে বলেন, “গুলি চালাতে চালাতে আমাদের ঝোপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।”
স্থানীয়দের দাবি, অপহৃত নারীর সংখ্যা পঞ্চাশেরও বেশি। এ ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে স্পেশাল টাস্কফোর্স।



