দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ বলছে, মাতাল এক চালক সাবেক প্রেসিডেন্টের গাড়িতে ধাক্কা দেয়।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু–নাতাল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তবে ৮১ বছর বয়সী জুমা ও তার দেহরক্ষীদের সবাই অক্ষত আছেন।
আগামী ২৯ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে জুমার অংশ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী দপ্তর।
নির্বাচনী কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জুমা এবারের নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এর কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার শিকার হলেন তিনি।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার পুলিশ এক্স পোস্টে জানায়, একজন মদ্যপ চালক সাবেক প্রেসিডেন্টকে বহনকারী রাষ্ট্রীয় সশস্ত্র গাড়িতে সজোরে আঘাত করে। এতে জ্যাকব জুমা ও তার দেহরক্ষীরা দুর্ঘটনার কবলে পড়েন।
এ ঘটনায় ৫১ বছর বয়সী মদ্যপ ওই চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাতাল হয়ে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আগামী মঙ্গলবার তাকে আদালতে তোলা হতে পারে।
দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বর্ষীয়ান নেতা জুমা। এএনসির হয়ে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন জ্যাকব জুমা। দুর্নীতির অভিযোগ ও মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সড়ে যেতে হয়েছে। তবে দেশটির রাজনীতিতে এখনও তার প্রভাব রয়েছে।
জ্যাকব জুমার এই অব্যাহতি প্রয়াত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দলটির (এএনসি) মধ্যে গভীর বিভাজনের সৃষ্টি করেছে। ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবাদের অবসানের মধ্য দিয়ে ১৯৯৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকাকে শাসন করে আসছে এএনসি।
আদালত অবমাননার দায়ে ২০২১ সালে কারাগারে যেতে হয়েছিল জুমাকে। এতে তার রাজনৈতিক জীবন বড় ধরনের ধাক্কা খায়। ২০২৪ সালের নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে চাইছেন জুমা। নবগঠিত দল এমকের হয়ে জুমা প্রচারণা চালাচ্ছেন।
যদিও জুমার মুখপাত্র নাহলামোউলো নাধহলেলা অভিযোগ করেছেন, এই গাড়ি দুর্ঘটনা কাকতালীয় কোনো বিষয় নয়। তবে অভিযোগের তীর কার দিকে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
বিশ্লেষকেরা বলছেন, প্রথমবারের মতো চলতি বছরের নির্বাচনে এএনসি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। ২০২১ সালে পৌর নির্বাচনে দলটি ভয়াবহ রকমের খারাপ ফলাফল করে।



