বন্যা, খরা, ভূমিকম্প ও তুষারের কারণে চীন বছরের প্রথম তিন মাসে অন্তত ৩৩ লাখ ডলার আর্থিক ক্ষতির শিকার হয়েছে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, চীনে গত তিন মাসে একাধিক অঞ্চলে তুষার ও তীব্র ঠাণ্ডা আবহাওয়া বয়ে গেছে। জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প ও দক্ষিণ-পশ্চিমে ইউনান প্রদেশে ভূমিধস ও ইয়োলো নদীতে বন্যা হয়েছে।
এসব প্রাকৃতিক দুর্যোগে ৭৯ জনের মৃত্যু হয়েছে। অন্তত এক লাখের বেশি নাগরিককে নিরাপদ এলাকায় সরিয়ে পুনর্বাসন করতে হয়েছে।
মন্ত্রণালয় বলছে, ২৬টি অঞ্চলে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ সরাসরি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
এছাড়াও দক্ষিণ-পশ্চিমে খরায় ৪২৪,০০০ হেক্টর (১০,৫০০ একর) জমির ফসল নষ্ট, উত্তর-পশ্চিমে বালির ঝড় ও দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণে বনে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয়েছে।
জানুয়ারি মাসে দেওয়া এক প্রতিবেদনে চীন সরকার জানায়, ২০২৩ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে চীনে ৪৭.৭ বিলিয়ন ডলারের সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে চীনে। এতে ৬৯১ জন মারা গেছেন। এদের মধ্যে অনেকেরই হদিস মেলেনি।



