কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলে একটি সেনাঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
শনিবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে হুন মানেত জানান, শনিবার বিকালে কামপং স্পেউ প্রদেশের একটি সেনাঘাঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। কিন্তু তিনি ঘটনার বিস্তারিত বিবরণ দেননি।
হুন মানেত বলেন, ‘‘কামপং স্পেউ প্রদেশের সেনাঘাঁটিতে বিস্ফোরণের সংবাদ শুনে আমি মর্মাহত হয়েছি।’’
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী হুন মানেত তার পোস্টেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে সেনাবাহিনী বলেছে, সেখানে অস্ত্র ভর্তি একটি ট্রাক বিস্ফোরিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বিস্ফোরণের ধ্বংস হওয়া একতলা ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যায়।
এ ঘটনার পর পার্শ্ববর্তী এক গ্রামের বাসিন্দারা বিভিন্ন ঘরবাড়ির ভাঙ্গা জানালার ছবি অনলাইনে শেয়ার করেছে।
বিস্ফোরণের বিকট শব্দে এসব জানালার কাঁচ ভেঙ্গে পড়ে বলে তারা জানায়।
কম্বোডিয়ার সেনাবাহিনী বলেছে, বিস্ফোরণটি গোলাবারুদের গুদামে ঘটে। এতে অস্ত্র ভর্তি একটি ট্রাক ধ্বংস হয়।
খবরে বলা হয়, বিস্ফোরণে একটি অফিস ভবন এবং আশেপাশের ব্যারাকগুলো ধ্বংস হয়েছে। এতে পার্শ্ববর্তী ২৫টি
ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে হুন মানেট বলেন, ‘‘নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রতিরক্ষামন্ত্রী এবং দ্য রয়্যাল কম্বোডিয়ান আর্মড ফোর্সের কমান্ডার-ইন-চিফকে নির্দেশ দেওয়া হয়েছে।’’
তিনি বলেন, ‘‘নিহতদের প্রত্যেকের পরিবার ২০,০০০ ডলার এবং আহত সৈন্যরা ৫,০০০ ডলার করে পাবে।’’



